বেলকুচিতে ৩ মাসব্যাপী মশকমুক্ত ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
- আপলোডের সময় : Sunday, October 4, 2026,

বেলকুচিতে ৩ মাসব্যাপী মশকমুক্ত ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনজুরুল ইসলাম
বেলকুচি, সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন নগর গড়ার লক্ষ্যে তিন মাসব্যাপী মশকমুক্ত ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সকালে বেলকুচি পৌরসভার উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসজুড়ে পৌরসভার বিভিন্ন এলাকায় এ কার্যক্রম পরিচালিত হবে।
“নিজ সীমানা পরিষ্কার করি, ডেঙ্গুমুক্ত ও পরিচ্ছন্ন নগর গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পৌরসভা এলাকায় সচেতনতা বৃদ্ধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হচ্ছে। কর্মসূচিটি বেলকুচি পৌরসভার প্রশাসকের প্রত্যক্ষ ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে।
উদ্বোধনী কর্মসূচিতে পৌরসভার প্রতিনিধি, পরিচ্ছন্নতাকর্মী ও স্বেচ্ছাসেবীরা অংশ নেন। স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন’-এর সদস্যরাও পরিচ্ছন্নতা অভিযানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিকদেরও সচেতন হতে হবে। নিজ নিজ বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়।
তিন মাসব্যাপী এ অভিযানের আওতায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নালা-নর্দমা পরিষ্কার, মশকনাশক ওষুধ ছিটানো এবং বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আরও জোরদার করা হবে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।