
বেনাপোল (যশোর) প্রতিনিধি: বেনাপোল সীমান্তের সাদিপুর এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের একটি পুশইন চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১ জুন) গভীর রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, গভীর রাতে কাঁটাতারের বেড়ার একটি অংশ খুলে ১০ থেকে ১২ জন বাংলাদেশি নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। তবে বিষয়টি বিজিবির টহল দলের নজরে আসলে তারা দ্রুত কঠোর অবস্থান নেয় এবং তাৎক্ষণিকভাবে সেই চেষ্টা প্রতিহত করে।
বিজিবির অনড় অবস্থানের মুখে বিএসএফ পিছু হটতে বাধ্য হয় এবং ওই ব্যক্তিদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয় বলে জানা গেছে।
ঘটনার পর সীমান্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন এবং নজরদারি জোরদার করা হয়েছে।
বিজিবির এক কর্মকর্তা জানান, টহল দল সতর্ক অবস্থানে ছিল এবং দ্রুত পদক্ষেপ নেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে।
এদিকে স্থানীয়দের মধ্যে কিছুটা আতঙ্ক ও চাঞ্চল্য দেখা দিলেও বিজিবির দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন তারা।
সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।