বিশ্বম্ভরপুরে কৃষকদের তালিকায় অনিয়ম বরদাস্ত করা হবে না: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব
শাহ্ ফুজায়েল আহমদ
নির্বাহী সম্পাদক
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা-এর হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়নে কোনো ধরনের তালবাহানা বা অনিয়ম বরদাস্ত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব।
তিনি জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাসের মধ্যে সরকারি প্রণোদনার আওতায় আনা হবে এবং তাদের জন্য বিশেষ সহায়তা কার্ড প্রদান করা হবে।
মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলা হলরুমে হাওরপাড়ের কৃষক, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ত্রাণমন্ত্রী বলেন, হাওরাঞ্চলের কৃষকদের দুর্ভোগ লাঘবে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে এবং হাওরের ফসল রক্ষায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। তিনি আরও জানান, এ বিষয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একাধিক দিকনির্দেশনা ইতোমধ্যে দেওয়া হয়েছে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরসহ স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এদিন বিকেলে উপজেলার করচার হাওরপাড় এলাকায় ৪০০ ক্ষতিগ্রস্ত কৃষকের মধ্যে সরকারি সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ত্রাণমন্ত্রী। এ সময় প্রত্যেক কৃষককে ৭ হাজার ৫০০ টাকা নগদ অর্থ এবং ২০ কেজি করে চাল প্রদান করা হয়।