
বিশ্ববাজারে স্বর্ণের দাম স্থির, ফেডের নীতি ও ভূরাজনীতিতে নজর বিনিয়োগকারীদের
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার-সংক্রান্ত অবস্থান এবং মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির প্রভাবে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রায় স্থিতিশীল রয়েছে। মঙ্গলবার বিশ্ববাজারে এমন চিত্র দেখা গেছে। খবর রয়টার্সের।
বিনিয়োগকারীরা ফেডের পরবর্তী সুদনীতির বিষয়ে স্পষ্ট কোনো সংকেতের অপেক্ষায় রয়েছেন। পাশাপাশি ইরানকে ঘিরে চলমান উত্তেজনার কূটনৈতিক সমাধানের সম্ভাব্য অগ্রগতিও গভীরভাবে পর্যবেক্ষণ করছেন তারা।
মঙ্গলবার গ্রিনিচ মান সময় সকাল ৯টা ৫ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় অপরিবর্তিত থেকে ৪ হাজার ৫২ দশমিক ৮৬ ডলারে লেনদেন হয়। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার চুক্তির দাম ০.৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১১১ দশমিক ৭০ ডলারে দাঁড়ায়।
বিশ্লেষকদের মতে, ফেডের সুদের হার নিয়ে ভবিষ্যৎ সিদ্ধান্ত এবং মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতির গতিপথই আগামী দিনে আন্তর্জাতিক স্বর্ণবাজারের মূল নিয়ামক হিসেবে কাজ করবে।