
বিশ্ববাজারে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম বেড়েছে
আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতুর দামে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম বেড়েছে। খবর রয়টার্সের।
বাজারের সর্বশেষ তথ্য অনুযায়ী, স্পট মার্কেটে প্রতি আউন্স রুপার দাম ০.৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৬৬ ডলারে।
একই সময়ে প্লাটিনামের দাম ১ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ১ হাজার ৬৫৩ দশমিক ৫৩ ডলারে লেনদেন হয়েছে। আর প্যালাডিয়ামের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ২৮০ দশমিক ৫০ ডলারে পৌঁছেছে।
বিশ্লেষকদের মতে, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের সুদনীতি এবং চলমান ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে মূল্যবান ধাতুর বাজারে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে।
এদিকে, মঙ্গলবার গ্রিনিচ মান সময় সকাল ৯টা ৫ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রায় অপরিবর্তিত ছিল। প্রতি আউন্স স্বর্ণ ৪ হাজার ৫২ দশমিক ৮৬ ডলারে লেনদেন হয়। তবে যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার চুক্তির দাম ০.৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১১১ দশমিক ৭০ ডলারে পৌঁছেছে।