বিরলে ১,৩৯১ বস্তা সার জব্দ, চার ডিলারকে ১ লাখ ২ হাজার টাকা জরিমানা
- আপলোডের সময় : Monday, September 14, 2026,

বিরলে ১,৩৯১ বস্তা সার জব্দ, চার ডিলারকে ১ লাখ ২ হাজার টাকা জরিমানা
সাজ্জাদুর রহমান
বিশেষ প্রতিনিধি, আমার সকাল ২৪, দিনাজপুর
অবৈধভাবে সার মজুদের অভিযোগে দিনাজপুরের বিরলে দিনব্যাপী অভিযান চালিয়ে ১ হাজার ৩৯১ বস্তা সার জব্দ করেছে প্রশাসন ও কৃষি বিভাগ। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চারজন সার ডিলার ও বিক্রেতাকে মোট ১ লাখ ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া একটি সার গুদাম সিলগালা করা হয়।
রোববার সন্ধ্যায় উপজেলার ২ নম্বর ফরক্কাবাদ ইউনিয়নের বিরল-বোচাগঞ্জ সড়কের পাশে মহাদেবপুর মাছুয়াপাড়া মোড়ে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল ইসলাম। এ সময় মেসার্স শাহির ট্রেডার্সের (লাইসেন্স নং-৬০২৪) স্বত্বাধিকারী মো. নাসিম ইকবাল খোকনের গুদাম থেকে অবৈধভাবে মজুদ করা ৭৮২ বস্তা সার জব্দ করা হয়। এর মধ্যে টিএসপি ৪৪৬ বস্তা, ডিএপি ২৭৬ বস্তা, এমওপি ৪৬ বস্তা ও ইউরিয়া ১৪ বস্তা। এ ঘটনায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই রাতে পার্শ্ববর্তী এলাকায় লাইসেন্সবিহীন খুচরা বিক্রেতা মো. আলিমের দোকানে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা ১৭ বস্তা সার জব্দ করা হয়। এর মধ্যে টিএসপি ৭ বস্তা, এমওপি ৭ বস্তা ও ডিএপি ৩ বস্তা। তাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া উপজেলার ৪ নম্বর শহরগ্রাম ইউনিয়নের নাড়াবাড়ী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনোয়ার হোসেন। সেখানে মেসার্স নবাব ট্রেডার্সের (লাইসেন্স নং-৬০৮৭) স্বত্বাধিকারী মশিউর রহমানের দোকানের দুটি ঘর থেকে নিবন্ধনবিহীনভাবে মজুদ করা ৮২ বস্তা সার জব্দ করা হয়। এর মধ্যে ডিএপি ৩২ বস্তা, ইউরিয়া ২৫ বস্তা ও এমওপি ২৫ বস্তা। এ ঘটনায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে চককাঞ্চন মোড়ে পৃথক অভিযানে মেসার্স হাসেম ট্রেডার্সের (বিসিআইসি ডিলার) স্বত্বাধিকারী মো. হাসেমের ভাই মো. জাহাঙ্গীর আলমের কাছ থেকে অবৈধভাবে মজুদ করা ৫১০ বস্তা সার জব্দ করা হয়। এর মধ্যে ডিএপি ১০৩ বস্তা ও এমওপি ৪০৭ বস্তা। এ ঘটনায় তাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেটদ্বয় জব্দ করা সার সরকারি মূল্যে কৃষকদের কাছে বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য বিরল উপজেলা কৃষি কর্মকর্তা ও সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তাকে নির্দেশ দেন।
রোববার রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত জব্দ করা সারগুলো সরকারি মূল্যে বিক্রি করা হয়েছে এবং মো. জাহাঙ্গীর আলমের সার গুদামটি সিলগালা করে রাখা হয়েছে।
২ টি মন্তব্য
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।



















lkjhg
gfghjllll