
ঠাকুরগাঁও, বালিয়াডাঙ্গী প্রতিনিধি: মোঃ রবিউল আউয়াল
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা-এ পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড-এর এজেন্ট ও জ্বালানি ব্যবসায়ী আশরাফ আলীকে জড়িয়ে কয়েকটি গণমাধ্যমে বিভ্রান্তিকর সংবাদ প্রচারের অভিযোগ উঠেছে। এতে তাঁর দীর্ঘ দুই যুগের বেশি সময়ের সুনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান মারাত্মক ক্ষতির মুখে পড়েছে বলে দাবি করা হয়েছে।
জ্বালানি সরবরাহ সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ায় উপজেলার প্রায় দুই লাখ মানুষ পেট্রোল ও অকটেন সংকটে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
মঙ্গলবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আশরাফ আলীর ছেলে সুমন সাংবাদিকদের জানান, জেলা পর্যায় থেকে কিছু গণমাধ্যম প্রতিনিধি এসে ডিজেল ক্রয়-বিক্রয় সংক্রান্ত ভুল তথ্য উপস্থাপন করে সংবাদ প্রকাশ করায় এই বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এর ফলে ডিপোতে ভুল বার্তা পৌঁছে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যায়, যা ব্যবসার জন্য বড় ক্ষতির কারণ হয়েছে।
তিনি বলেন, তাঁর বাবা দীর্ঘদিন ধরে পদ্মা অয়েল কোম্পানির এজেন্ট হিসেবে এলাকায় জ্বালানি সরবরাহ করে আসছেন। উপজেলার সিংহভাগ ডিজেল, পেট্রোল ও অকটেন তাদের মাধ্যমেই বিতরণ করা হয়। চলমান সংকটকালে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এপ্রিল মাসে কৃষকদের ফসল রক্ষায় ৮৭ হাজার ৫০০ লিটার ডিজেল ক্রয়-বিক্রয় করা হয়েছে।
এছাড়া প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে তিন দফায় অকটেন ও পেট্রোল ক্রয়-বিক্রয় সম্পন্ন হয়েছে বলেও তিনি জানান।
সুমনের অভিযোগ, কিছু গণমাধ্যমে ডিজেলের পরিসংখ্যানকে পেট্রোল ও অকটেন হিসেবে উপস্থাপন করে তথ্য বিকৃত করা হয়েছে। পাশাপাশি তাদের নিজস্ব ট্রাককে অন্য মালিকানার বলে উল্লেখ এবং “কাদের এন্টারপ্রাইজ” নামের একটি বৈধ প্রতিষ্ঠানের অস্তিত্ব নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
তিনি এসব ‘ভুল ও অপসাংবাদিকতা’র তীব্র প্রতিবাদ জানিয়ে বস্তুনিষ্ঠ ও যাচাইভিত্তিক সংবাদ প্রকাশের আহ্বান জানান।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বালিয়াডাঙ্গী উপজেলায় দুটি ফিলিং স্টেশন থাকলেও আশরাফ আলীর মাধ্যমে সরবরাহকৃত ডিজেল, পেট্রোল ও অকটেন দিয়েই কৃষি ও যানবাহনের জ্বালানি চাহিদার বড় অংশ পূরণ হয়ে থাকে। বিশেষ করে সংকটকালীন সময়ে ডিজেল সরবরাহ অব্যাহত থাকায় কৃষকরা ফসল রক্ষা করতে সক্ষম হয়েছেন।
সংবাদ সম্মেলনে সুমন আরও বলেন, গণমাধ্যমে তাঁর বক্তব্য কাটছাঁট ও বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে, যা অনাকাঙ্ক্ষিত। তিনি গণমাধ্যমের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভবিষ্যতে আরও দায়িত্বশীল ও যাচাই করা সংবাদ প্রচারের অনুরোধ জানান।