বিজয়নগরে ২২ মামলার আসামি ইকবাল খাঁ গ্রেপ্তার
- আপলোডের সময় : Friday, September 25, 2026,

বিজয়নগরে ২২ মামলার আসামি ইকবাল খাঁ গ্রেপ্তার
মস্ত মিয়া
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২২টি মামলার আসামি ও ছয়টি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি ইকবাল খাঁ (৩৬)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ১২টা ৪৫ মিনিটে উপজেলার সিংগারবিল ইউনিয়নের মেরাশানী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বিজয়নগর থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) মো. মাহবুবুল আলমের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে মেরাশানী গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে এসআই মো. মাহবুবুল আলম, সহকারী উপপরিদর্শক (এএসআই) মনিরুজ্জামান, এএসআই আমিনুল ইসলামসহ পুলিশের সদস্যরা অংশ নেন।
গ্রেপ্তার ইকবাল খাঁ বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের মেরাশানী গ্রামের ময়াল খাঁ ওরফে মাওয়াল খাঁ ওরফে মালু খাঁর ছেলে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ইকবাল খাঁর বিরুদ্ধে মোট ২২টি মামলা রয়েছে। এর মধ্যে ১৯টি মামলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং তিনটি মারামারির ঘটনায় দায়ের করা হয়েছে। এসব মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।
এ ছাড়া বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা ছয়টি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, একাধিক মামলার আসামি ইকবাল খাঁ দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।