
জাহিদুল ইসলাম
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ সদর: উপজেলার আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল।
বুধবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসন আয়োজিত ‘উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নদী রক্ষায় অবৈধ বালু উত্তোলন কোনোভাবেই বরদাশত করা হবে না। পরিবেশ সুরক্ষা ও নদীভাঙন রোধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।
একই সঙ্গে সমাজ থেকে মাদক নির্মূল এবং কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধে প্রশাসনকে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের আহ্বান জানান এমপি বুলবুল। তিনি বলেন, তরুণ প্রজন্মকে বিপথগামিতা থেকে রক্ষা করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় ও সমন্বিতভাবে কাজ করতে হবে।
সভায় জানানো হয়—
অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান জোরদার করা হবে।
মাদক ও কিশোর গ্যাং দমনে বিশেষ নজরদারি ও সচেতনতামূলক কার্যক্রম চালানো হবে।
প্রশাসনিক সমন্বয় বৃদ্ধি করে জনমনে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।