
স্টাফ রিপোর্টার, বান্দরবান | সুকেল তঞ্চঙ্গ্যা
বান্দরবান সদর হাসপাতালে হামে আক্রান্ত দুই সন্তানের সেবা করতে গিয়ে নিজেও অসুস্থ হয়ে পড়েন লেংরুং ম্রো (২৬)। পরে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে তার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, কয়েক দিন আগে বান্দরবান সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে হামে আক্রান্ত দুই সন্তানকে ভর্তি করা হয়। তাদের পাশে থেকে দিন-রাত সেবাযত্ন করতে গিয়ে লেংরুং ম্রো নিজেও অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে তার মৃত্যু হয়।
চিকিৎসকদের মতে, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে সময়মতো চিকিৎসা না পেলে এটি জটিল আকার ধারণ করতে পারে। একই সঙ্গে রোগীর সেবাযত্নকারীদেরও সংক্রমণের ঝুঁকি থাকে।
স্থানীয়দের অভিযোগ, পাহাড়ি জনপদে স্বাস্থ্যসেবা ও সচেতনতার ঘাটতির কারণে হামের মতো রোগ অনেক সময় গুরুতর রূপ নেয়। দরিদ্র এই পরিবারটির ক্ষেত্রেও পরিস্থিতি ছিল অত্যন্ত কঠিন।
মায়ের মৃত্যুর পর দুই শিশুর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল পরিবারটির পাশে দাঁড়ানো, শিশুদের চিকিৎসা নিশ্চিত করা এবং পুনর্বাসনের দাবি জানিয়েছেন।