বাকেরগঞ্জে দোয়া-মিলাদের মঞ্চে নৃত্যানুষ্ঠানের অভিযোগ, সমালোচনার ঝড়
- আপলোডের সময় : Tuesday, October 6, 2026,

বাকেরগঞ্জে দোয়া-মিলাদের মঞ্চে নৃত্যানুষ্ঠানের অভিযোগ, সমালোচনার ঝড়
জিহাদ হোসেন
স্টাফ রিপোর্টার
বরিশালের বাকেরগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল শেষে একই মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে নৃত্য পরিবেশনের অভিযোগ উঠেছে। এ সময় দোয়া মাহফিলের জন্য টাঙানো কোরআন শরিফের ছবি সংবলিত ব্যানারও মঞ্চে ছিল বলে জানা গেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও নিন্দার সৃষ্টি হয়েছে।
জানা যায়, উপজেলার দুধল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সুন্দরকাঠী মোল্লা বাজারে এলাকাবাসীর উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণ ও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ উপলক্ষে দুই দিনব্যাপী দোয়া, মিলাদ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানসূচি অনুযায়ী, ৩ ও ৪ অক্টোবর দুই দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রথম দিন দেশের শান্তি, সমৃদ্ধি ও জনগণের সার্বিক কল্যাণ কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অভিযোগ রয়েছে, দোয়া ও মিলাদ শেষে একই মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং সেখানে নৃত্য পরিবেশন করা হয়। এ সময় দোয়া মাহফিলের জন্য টাঙানো কোরআন শরিফের ছবি সংবলিত ব্যানারটি মঞ্চে অবস্থান করছিল।
পরে অনুষ্ঠানের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়।
অনুষ্ঠানের আয়োজক ও দুধল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাহিন মোল্লা বলেন, এলাকাবাসীকে সঙ্গে নিয়ে তিনি অনুষ্ঠানটির আয়োজন করেছেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণ ও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ উপলক্ষে দোয়া, মিলাদ ও দুই দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তিনি বিএনপির কোনো পদে আছেন কি না জানতে চাইলে শাহিন মোল্লা বলেন, তিনি বিএনপির কোনো পদে নেই। অনুষ্ঠান আয়োজনের বিষয়ে ইউনিয়ন বিএনপি বা উপজেলা বিএনপির কারও কাছ থেকেও তিনি কোনো অনুমতি নেননি।
দুধল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মকবুল খান বলেন, ইউপি সদস্য শাহিন মোল্লা দলের সদস্য পদসহ কোনো পদে নেই এবং কখনো ছিলেনও না। তিনি আরও বলেন, এ অনুষ্ঠানের বিষয়ে ইউনিয়ন বা উপজেলা বিএনপির কারও কাছ থেকে শাহিন মোল্লা কোনো অনুমতি নেননি। এ বিষয়ে ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আদিল হোসেন বলেন, রাষ্ট্রপতির নাম ব্যবহার করে আয়োজিত ওই অনুষ্ঠানের জন্য থানার পক্ষ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। অনুষ্ঠানে বিতর্কিত কিছু কর্মকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে অনুষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।