বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়তে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
- আপলোডের সময় : Saturday, October 3, 2026,

বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়তে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
জাতীয় আমার সকাল ২৪ ডেস্ক
বাংলাদেশকে নিরাপদ বিনিয়োগের ঠিকানা ও ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৩ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আন্তর্জাতিক সংলাপ ‘বে অব বেঙ্গল কনভারসেশন (বিওবিসি) ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সমতা ও স্বচ্ছতার ভিত্তিতে বাংলাদেশের আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সম্পৃক্ত হতে আগ্রহী সরকার। পারস্পরিক সম্মানের ভিত্তিতে সম্পর্ক গড়ে তুলতে চায় বাংলাদেশ। একই সঙ্গে দেশকে বিনিয়োগের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে।
অনুষ্ঠানে দেশের আর্থসামাজিক উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ফ্যামিলি কার্ডসহ অন্যান্য কার্ডের সমন্বয়ে প্রত্যেক নাগরিককে একটি ইউনিভার্সেল কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।
শিক্ষাব্যবস্থা নিয়ে প্রধানমন্ত্রী বলেন, শিশুদের জন্য আনন্দময় পরিবেশে শিক্ষা নিশ্চিত করতে চায় সরকার। শিক্ষাকে শুধু সার্টিফিকেট অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে শিক্ষার্থীদের ইউনিফর্ম, মিড-ডে মিলসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, দেশের তরুণদের দক্ষ ও যোগ্য করে তুলতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি স্বচ্ছতা, জবাবদিহিতা ও বাকস্বাধীনতা নিশ্চিত করার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক প্রসঙ্গেও বক্তব্য দেন তিনি। রোহিঙ্গা সংকটের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে এবং তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন জরুরি। সংকটের উৎপত্তি যেহেতু মিয়ানমারে, এর সমাধানও সেখানেই হতে হবে। এ সময় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগের কথাও জানান তিনি।
সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) আয়োজনে তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক সংলাপে বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য, আন্তর্জাতিক নিরাপত্তা, অর্থনৈতিক রূপান্তর, জলবায়ু পরিবর্তন, প্রযুক্তি, গণতন্ত্র ও সুশাসনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হচ্ছে।
এ ছাড়া বঙ্গোপসাগরকেন্দ্রিক যোগাযোগ ও বাণিজ্য এবং এ অঞ্চলে বাংলাদেশের অবস্থান নিয়েও বিভিন্ন অধিবেশনে আলোচনা হবে। সংলাপে বিভিন্ন দেশের রাজনীতিক, কূটনীতিক, গবেষক, অর্থনীতিবিদ, নীতিনির্ধারক ও গণমাধ্যমকর্মীরা অংশ নিয়েছেন।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।