
উথোয়াই খৈ রাখাইন, স্টাফ রিপোর্টার (চট্টগ্ৰাম)
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পূর্ব বৈলছড়ি গ্রামে মা রেহেনা বেগমকে (৬২) হত্যা করার অভিযোগে তার ছেলে মো. কাশেম (২৮) ও কাশেমের স্ত্রী নারগিছ আক্তার (২৫)কে র্যাব গ্রেপ্তার করেছে। র্যাব-৭ এর সহকারী পরিচালক এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বৃহস্পতিবার (২ এপ্রিল ) বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের চকরিয়া থানার লক্ষ্যারচর ইউনিয়নে বুধবার (১ এপ্রিল) যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাবের অনুসন্ধানে জানা যায়, গত ৫ জুন রাত থেকে ৬ জুন ভোরের মধ্যে কাশেম ও তার স্ত্রী ধারালো অস্ত্র দিয়ে রেহেনা বেগমকে হত্যা করে এবং রক্তমাখা কাপড় লুকিয়ে রাখে। নিহত রেহেনা বেগম ছোট ছেলে ও পুত্রবধূর সঙ্গে একই বাড়িতে বসবাস করতেন, বড় ছেলে প্রবাসে থাকতেন এবং নিয়মিত মায়ের চিকিৎসার জন্য অর্থ পাঠাতেন। তবে ওই অর্থের ব্যবহার নিয়ে দীর্ঘদিন ধরে পরিবারের মধ্যে বিরোধ চলছিল।
ঘটনার পর গুরুতর অবস্থায় রেহেনা বেগমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বড় ভাই মো. মুক্তার আহমদ বাঁশখালী থানায় হত্যা মামলা দায়ের করেন। র্যাব জানায়, অভিযুক্তরা গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিল, পরে অবস্থান শনাক্ত করে তাদের গ্ৰেপ্তার করা হয়। বর্তমানে অভিযুক্তদের বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে। বিচারের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।