বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত অন্তত ১০
- আপলোডের সময় : Saturday, September 5, 2026,

বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত অন্তত ১০
বলিভিয়ার ভিয়াচা পৌর এলাকায় একটি সামরিক ব্যারাকে বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৬২ জন। শনিবার (৫ সেপ্টেম্বর) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
রাজধানী লা পাজ থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরের ভিয়াচায় শুক্রবার স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে বিস্ফোরণটি ঘটে। সামরিক কমপ্লেক্সের আতশবাজি ও অন্যান্য পাইরোটেকনিক সামগ্রী সংরক্ষণের স্থান থেকে বিস্ফোরণের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তবে বিস্ফোরণের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংরক্ষিত আতশবাজির মজুত থেকেই বিস্ফোরণটি শুরু হয়ে থাকতে পারে।
ভিয়াচার স্বাস্থ্য বিভাগের পরিচালক রিতা নেব্রাস্কা জানান, বিস্ফোরণে ১০ থেকে ১৫ জনের মৃত্যু হয়ে থাকতে পারে। আহত ৬২ জনের মধ্যে ১৪ জনকে চিকিৎসার জন্য লা পাজের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে এক কিশোরীর শরীরের প্রায় ৮০ শতাংশ দগ্ধ হয়েছে বলে তিনি জানান।
পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে ৫০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। এ ছাড়া আশপাশের কয়েক ডজন বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের তীব্রতায় অনেক বাড়ির জানালার কাচ ভেঙে যায়।
ঘটনার পর সামরিক কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল ও পুলিশ সদস্যদের পাঠানো হয়। তারা আহতদের উদ্ধার করে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছেন।
এদিকে, ঘটনাস্থলে এখনো তাপের উৎস থাকায় নতুন করে বিস্ফোরণের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন দমকলকর্মীরা। এ কারণে স্থানীয় বাসিন্দাদের ঘটনাস্থল থেকে অন্তত ১৫০ মিটার দূরে থাকার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের পরিচালক রিতা নেব্রাস্কা।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।