বগুড়ায় ১৮ বোতল ফেয়ারডিলসহ নারী গ্রেপ্তার
- আপলোডের সময় : Monday, October 5, 2026,

বগুড়ায় ১৮ বোতল ফেয়ারডিলসহ নারী গ্রেপ্তার
মো. রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার
জাতীয় দৈনিক আমার সকাল ২৪
বগুড়ায় অভিযান চালিয়ে ১৮ বোতল কোডিন ফসফেটযুক্ত ফেয়ারডিলসহ অনিতা রানী ঘোষ (৩১) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার (৩ অক্টোবর) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় বগুড়ার একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। বগুড়া সদর উপজেলার বারোপুর সোনারপাড়া গ্রামসংলগ্ন নামুজা থেকে বারোপুরগামী পাকা সড়কের পূর্ব পাশে বজলুর রহমানের বাড়ির সামনে অভিযান চালানো হয়।
এ সময় বারোপুরগামী একটি যাত্রীবাহী সিএনজির পেছনের সিটে বসা অনিতা রানী ঘোষের দেহ ও স্কুলব্যাগ তল্লাশি করে ১৮ বোতল কোডিন ফসফেটযুক্ত ফেয়ারডিল ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে তাঁকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অনিতা রানী ঘোষের স্বামী মো. রাজিউল ইসলাম। তাঁর পিতা শ্রীরাম বিলাস ঘোষ এবং মাতা শ্রীমতি সুমিত্রা রানী ঘোষ। তাঁর বর্তমান ঠিকানা বগুড়া মহানগরের সেউজগাড়ী এবং স্থায়ী ঠিকানা পারবগুড়া দক্ষিণপাড়া বকুলতলা এলাকায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি জানান, তিনি হিলি থেকে মাদকের চালান সংগ্রহ করে বগুড়ায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিলেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আসলাম আলী মন্ডল বাদী হয়ে বগুড়া সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্যের এই চালানের সঙ্গে আরও কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে। সরকারি ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।