বগুড়ায় মুসলিম বেকারিতে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ২০ হাজার টাকা জরিমানা
- আপলোডের সময় : Wednesday, October 7, 2026,

বগুড়ায় মুসলিম বেকারিতে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ২০ হাজার টাকা জরিমানা
সাজেদুল ইসলাম রাসেল, স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, নষ্ট ডিম ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ বিএসটিআই লাইসেন্সের লোগো ব্যবহারের অভিযোগে ‘মুসলিম বেকারি’ নামের একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বগুড়া সদর উপজেলার খান্দার রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান।
অভিযানকালে বেকারিটির উৎপাদন কার্যক্রমে বিভিন্ন অনিয়ম ধরা পড়ে। পরিদর্শনে অস্বাস্থ্যকর পরিবেশে মাটিতে রেখে পাউরুটি তৈরি করতে দেখা যায়। পাশাপাশি ভাঙা ও নষ্ট ডিম খাদ্যপণ্য তৈরিতে ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।
এ ছাড়া প্রতিষ্ঠানের বিএসটিআই লাইসেন্সের মেয়াদ শেষ হলেও পণ্যে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করা হচ্ছিল। উৎপাদন ও মেয়াদ শেষ হওয়ার তারিখ উল্লেখ না করেই বিস্কুট ও কেক বাজারজাত করার বিষয়টিও অভিযানে উঠে আসে। একই সঙ্গে খাদ্যকর্মীদের প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ না করার বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে।
এসব অনিয়মের বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দোষ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
অভিযানকালে উদ্ধার করা ভাঙা ও নষ্ট ডিম জনসম্মুখে ধ্বংস করা হয়। পাশাপাশি বেকারির উৎপাদন ব্যবস্থা ও সামগ্রিক পরিবেশের মান উন্নত করার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে গৃহীত পদক্ষেপের প্রমাণপত্র জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।