
মো: রবিউল ইসলাম
স্টাফ রিপোর্টার
বগুড়ায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৩২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে বগুড়া সদর উপজেলার মাটিডালি বিমান মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে কুড়িগ্রামের নাগেশ্বরী এলাকা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে দুই ব্যক্তি যাত্রীবেশে বিপুল পরিমাণ গাঁজা বহন করছেন। এমন তথ্যের ভিত্তিতে সদর থানা পুলিশ নির্দিষ্ট স্থানে অবস্থান নেয় এবং সন্দেহভাজন বাসে তল্লাশি চালায়।
তল্লাশিকালে সন্দেহভাজন দুই যাত্রীর কাছ থেকে ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের আটক করে জব্দকৃত গাঁজা থানায় নিয়ে যাওয়া হয়।
গ্রেফতারকৃতরা হলেন— স্বামী মোঃ শওকত আলী (৩৮), পিতা: মৃত তপসের আলী এবং স্ত্রী মোছাঃ আবেদা বেগম (৩১)।
পুলিশ জানায়, অবৈধ মাদক ব্যবসার অভিযোগে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।