ফেনী স্ত্রীকে সাপে কাটার পর সেই সাপ হাসপাতালে নিয়ে গেলেন স্বামী
- আপলোডের সময় : Monday, September 7, 2026,

ফেনী স্ত্রীকে সাপে কাটার পর সেই সাপ হাসপাতালে নিয়ে গেলেন স্বামী
নিজস্ব প্রতিবেদক, ফেনী:
ফেনীর পরশুরামে স্ত্রীকে গোখরা সাপে দংশনের পর সাপটিকে মেরে ব্যাগে করে হাসপাতালে নিয়ে গেছেন স্বামী। আহত ছকিনা আক্তার (৬০) বর্তমানে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মির্জানগর ইউনিয়নের পূর্ব সাহেবনগর গ্রামে এ ঘটনা ঘটে।
ছকিনা আক্তারের স্বামী জাফর আহমদ বলেন, সকাল ১১টার দিকে তার স্ত্রী বাড়ির বাইরে মোবাইল ফোনে এক আত্মীয়ের সঙ্গে কথা বলছিলেন। এ সময় কথা বলতে বলতে তিনি একটি ছোট লাঠি দিয়ে মাটি খোঁচাচ্ছিলেন। হঠাৎ একটি সাপ তাকে দংশন করে।
তিনি বলেন, স্ত্রীর চিৎকার শুনে ছুটে গিয়ে সাপটি খুঁজতে থাকেন। একপর্যায়ে ঝোপের মধ্যে সাপটিকে দেখতে পেয়ে লাঠি দিয়ে সেটিকে মেরে ফেলেন। পরে সাপটি একটি ব্যাগে করে হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসকরা সাপটিকে বিষধর গোখরা হিসেবে শনাক্ত করেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সাপে দংশনের পর স্বজনরা ছকিনা বেগমকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে ভর্তি করেন। বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইফতেখার হাসান ভূঁইয়া বলেন, সাপে দংশনের পর রোগীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিষক্রিয়ার লক্ষণ দেখা দিলে প্রয়োজন অনুযায়ী অ্যান্টিভেনমসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হবে।
পাঁচ দিনের ব্যবধানে ফের সাপের দংশন
উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের উত্তর টেটেশ্বর এলাকায় শাফায়েত হোসেন রাফাত (৩) নামের এক শিশুও গোখরা সাপের দংশনের শিকার হয়েছিল।
পাঁচ দিনের ব্যবধানে একই উপজেলায় আবারও সাপের দংশনের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।