
নিউজ ডেস্ক, নির্বাচনের সকাল
ফেনীতে ভাড়া বাসা থেকে রোকসানা আক্তার লিপি (৩১) নামে এক মহিলা দল নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। লিপি ফেনী পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড মহিলা দলের আহ্বায়ক ও পৌর বিএনপির সদস্য ছিলেন।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতের ঘটনা। খালেক ম্যানশনের একটি কক্ষে প্রধান দরজা ভেতর থেকে আটকানো ছিল। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দরজা ভেঙে শয়নকক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় মরদেহ উদ্ধার করে। মরদেহের গলার পাশে ডান হাতের আঙুল আটকে থাকার কারণে ধারণা করা হচ্ছে, ফাঁস লাগানোর সময় তিনি বাঁচার চেষ্টা করেছিলেন।
নিহতের পরিবার জানায়, তার সঙ্গে কোনো পারিবারিক বা স্বামী সংক্রান্ত ঝামেলা ছিল না। লিপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীর নির্বাচনী প্রচারণায় নিয়মিত সক্রিয় ছিলেন।
ফেনী জেলা মহিলা দলের নেত্রী নুর তানজিলা রহমান বলেন, “লিপির রাজনৈতিক বেড়ে ওঠার সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এটি আত্মহত্যা না হত্যাকাণ্ড, কিছুই নিশ্চিত নয়। মোবাইল ফোন থেকে তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।”
ফেনী মডেল থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে উল্লেখ করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে।