ফুটবল উৎসবে আনন্দে মাতল জগন্নাথপুর স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা
- আপলোডের সময় : Friday, October 9, 2026,

ফুটবল উৎসবে আনন্দে মাতল জগন্নাথপুর স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা
শাহ ফুজায়েল আহমদ, নির্বাহী সম্পাদক
‘স্বপ্নের গোল-তারুণ্যের ঢেউ, ঐক্যের বন্ধনে ফুটবল মেলা’ স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুরের ঐতিহ্যবাহী স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব ও বার্ষিক বনভোজন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে বিদ্যালয়ের খেলার মাঠে উৎসবমুখর পরিবেশে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সৈয়দ নূরের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসিন উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায় ও জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে বক্তব্য দেন হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সালেহা পারভীন ও সাংবাদিক শাহ ফুজায়েল আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক আমিনুল হক সিপন, সরকারি শিক্ষক মাওলানা সালেহ আহমদ, মিতুন কান্তি দাস, প্রান্ত রায়, মো. আনোয়ার হোসেন, মো. রানা, মো. মতিউর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
প্রতিযোগিতায় শিক্ষার্থীদের ‘ক’ ও ‘খ’—এই দুই গ্রুপে ভাগ করা হয়। প্রতিটি ম্যাচে ছিল টানটান উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতা। নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত থাকায় টাইব্রেকারের মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হয়। পরে উভয় গ্রুপের বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা।
বক্তারা বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফুটবল খেলায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, দলগত সহযোগিতা, আত্মবিশ্বাস ও সময়ানুবর্তিতা গড়ে ওঠে। নিয়মিত খেলাধুলা মানসিক চাপ কমাতে এবং পড়াশোনায় মনোযোগ বাড়াতেও সহায়তা করে।
আয়োজক ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সৈয়দ নূর বলেন, সুস্থ, মেধাবী ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে শিক্ষার সঙ্গে খেলাধুলার সমন্বয় অপরিহার্য। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সুস্থ প্রতিযোগিতার মানসিকতা তৈরি করবে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।