ফারাক্কা চুক্তি জিয়াউর রহমানের পথ অনুসরণ করে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
- আপলোডের সময় : Saturday, October 3, 2026,

ফারাক্কা চুক্তি জিয়াউর রহমানের পথ অনুসরণ করে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
ফারাক্কা চুক্তি জিয়াউর রহমানের পথ অনুসরণ করে হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
শনিবার (৩ অক্টোবর) সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ার ডাকবাংলোয় মহানন্দা নদী এলাকায় নোঙর রিভার ক্যাম্পের কার্যক্রম উদ্বোধন ও নদী এলাকা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
ফারাক্কা চুক্তিকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ৩০ বছর মেয়াদি এ চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষাপটে নতুন করে চুক্তি নবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে কারিগরি কমিটি কাজ করছে।
আন্তঃসীমান্ত নদীর পানির হিস্যা প্রসঙ্গে তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের ৫৪টি এবং মিয়ানমারের সঙ্গে তিনটি আন্তঃসীমান্ত নদী রয়েছে। এসব নদীতে বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে ভারতের সঙ্গে ফারাক্কা চুক্তি নবায়নের বিষয়েও কাজ চলছে।
প্রতিমন্ত্রী বলেন, নদী ও খাল উদ্ধারে কোনো ধরনের দলীয় দৃষ্টিভঙ্গি বিবেচনা করা হবে না। দেশের খনন ও পুনরুদ্ধার করা নদী, খাল ও জলাশয় পুনরায় দখলের কোনো সুযোগ দেওয়া হবে না। নদী উদ্ধারের ক্ষেত্রে দলীয় পরিচয় বিবেচনায় নেওয়া হবে না বলেও জানান তিনি।
এর আগে মহানন্দা নদীর সীমান্ত এলাকা পরিদর্শন শেষে নোঙর রিভার ক্যাম্পের পতাকা আয়োজকদের হাতে তুলে দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন তিনি।
জানা গেছে, নোঙর বাংলাদেশের এ কার্যক্রম পর্যায়ক্রমে বিভিন্ন জেলায় পরিচালিত হয়ে টেকনাফে গিয়ে শেষ হবে।
এ সময় পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, তেঁতুলিয়ার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম আকাশ, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, নোঙর বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুমন সামস, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সদস্য দিন মোহাম্মদ খান, সালাউদ্দীন প্রধান, নাসির খান মিন্টুসহ জেলা-উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং পরিবেশকর্মীরা উপস্থিত ছিলেন।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।