
মো. শাহীন হাওলাদার
স্টাফ রিপোর্টার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিনেও রিকশা প্রতীক নিয়ে ব্যাপক গণসংযোগ ও পথসভায় ব্যস্ত সময় পার করেছেন ১১ দলীয় জোটের মনোনীত বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা শাহ মো. আকরাম আলী (ধলা হুজুর)।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের বিভিন্ন গ্রাম, হাট-বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় তিনি পথসভা ও গণসংযোগ করেন। এ সময় তিনি রিকশা মার্কায় ভোট প্রার্থনা করে ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করেন।
নির্বাচনী প্রচারণাকালে ধলা হুজুর বলেন, “আমি নির্বাচিত হলে সালথা-নগরকান্দা উপজেলায় ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে। এলাকায় কাইজ্জা-মারামারি বন্ধে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। হিন্দু-মুসলিমসহ সব ধর্মের মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং বেকারত্ব দূরীকরণে বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করা হবে।”
তিনি আরও বলেন, “সমাজের উন্নয়নে যুবসমাজের ভূমিকা অপরিহার্য। নির্বাচিত হতে পারলে যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হবে এবং এই অঞ্চলের সার্বিক উন্নয়নে দৃশ্যমান কাজ করা হবে।”
কৃষি খাতের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “সালথা-নগরকান্দা কৃষিনির্ভর এলাকা। এখানকার কৃষকরা নানা ভাবে অবহেলিত। সারের দাম সহনীয় পর্যায়ে রাখা এবং কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সংসদে কৃষকদের পক্ষে জোরালো ভূমিকা রাখবো।”
তিনি অভিযোগ করে বলেন, “এক দল ক্ষমতায় গেলে অন্য দলের নেতাকর্মীরা হামলা-মামলার শিকার হন। আমরা ক্ষমতায় গেলে এ ধরনের জুলুম-নির্যাতন বন্ধ করা হবে। মিথ্যা মামলা ও অন্যায়-অত্যাচারের অবসান ঘটিয়ে সরকারি বরাদ্দ সুষ্ঠু ও স্বচ্ছভাবে বণ্টন নিশ্চিত করা হবে।”
এছাড়া রাস্তা-ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নসহ এলাকার সামগ্রিক অবকাঠামোগত উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। এ সময় সালথা ও নগরকান্দা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।