
মো: শাহীন হাওলাদার, ফরিদপুর:
ফরিদপুরে বুধবার যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পালিত হলো পুলিশ মেমোরিয়াল ডে। এ উপলক্ষে জেলা পুলিশ কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের জানমাল রক্ষায় পুলিশ সদস্যরা ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালন করেন। সংকটময় পরিস্থিতিতেও তারা সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করে থাকেন এবং প্রয়োজনে জীবন উৎসর্গ করতে দ্বিধাবোধ করেন না।
পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে শহীদ চারজন পুলিশ সদস্যের পরিবারের হাতে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ কর্তৃক প্রদত্ত উপহার সামগ্রী, ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, পিপিএম-এর মাধ্যমে হস্তান্তর করা হয়।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামছুল আজমসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।