
মোঃ শাহীন হাওলাদার
ক্রাইম রিপোর্টার
ফরিদপুরের মধুখালী উপজেলায় ইয়াবাসহ মো. সামাদ খান (৪১) নামে এক ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তিনি সাংবাদিক পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
র্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গত শনিবার (৬ জুন) রাত সাড়ে ৯টার দিকে মধুখালী উপজেলার মধুপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ১৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সামাদ খানকে আটক করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৫ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে র্যাব।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সামাদ খান দীর্ঘদিন ধরে মাদক সংগ্রহ ও সরবরাহের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি ফরিদপুরসহ আশপাশের এলাকায় ইয়াবা ও অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করতেন বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে পূর্বে একাধিক মামলা রয়েছে বলেও র্যাব সূত্র জানিয়েছে।
র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার তপন কর্মকার জানান, অভিযানের সময় তার কাছ থেকে একটি সাংবাদিক পরিচয়পত্র উদ্ধার করা হয়। তিনি নিজেকে একটি পত্রিকার ফরিদপুর জেলা প্রতিনিধি হিসেবে পরিচয় দিলেও তার পেশাগত পরিচয় নিয়ে সন্দেহ রয়েছে।
তিনি আরও বলেন, “আটক ব্যক্তি পূর্ব থেকেই একাধিক মাদক মামলার আসামি। তার বিরুদ্ধে প্রাপ্ত তথ্য ও উদ্ধারকৃত ইয়াবার ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
স্থানীয় সাংবাদিক মহলের একাধিক সদস্য অভিযোগ করেন, সামাদ খান সাংবাদিক পরিচয় ব্যবহার করে সামাজিক গ্রহণযোগ্যতা তৈরির চেষ্টা করতেন এবং সেই পরিচয়ের আড়ালে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল বলেন, সাংবাদিকতার মতো সম্মানজনক পেশার পরিচয় ব্যবহার করে অপরাধ করলে তা গণমাধ্যমের ভাবমূর্তি নষ্ট করে। তারা এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
র্যাব জানিয়েছে, আটক সামাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।