প্রেমের সম্পর্কের পর হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ, ইমরানকে বিয়ে নুরে জান্নাতের
- আপলোডের সময় : Sunday, September 6, 2026,

প্রেমের সম্পর্কের পর হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ, ইমরানকে বিয়ে নুরে জান্নাতের
মো. আবু বক্কর সিদ্দিক (বাপ্পি) | বিশেষ প্রতিনিধি, রংপুর জেলা
প্রেমের সম্পর্কের সূত্র ধরে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রংপুরের বদরগঞ্জ উপজেলার এক তরুণী। নোটারি পাবলিকের মাধ্যমে এফিডেভিট করে তাঁর নতুন নাম রাখা হয়েছে মোছা. নুরে জান্নাত। তাঁর পূর্বের নাম ছিল শ্রীমতি অন্তরা রানী।
দিনাজপুরের নোটারি পাবলিকের সামনে দেওয়া এফিডেভিটে নুরে জান্নাত উল্লেখ করেন, তিনি স্বেচ্ছায় ও নিজ সিদ্ধান্তে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এ ক্ষেত্রে কেউ তাঁকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্ররোচিত বা প্রভাবিত করেননি বলেও এফিডেভিটে ঘোষণা দেন তিনি।
এফিডেভিট অনুযায়ী, নুরে জান্নাতের জন্ম ১০ জুলাই ২০০৭ সালে। তাঁর পিতার নাম শ্রী অশীষ চন্দ্র রায় এবং মাতার নাম শ্রীমতি রেবা রানী। তাঁর বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলার দিলালপুর সরকারপাড়া এলাকায়।
এফিডেভিটে নুরে জান্নাত জানান, ছোটবেলা থেকেই মুসলিমদের সঙ্গে চলাফেরা ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেওয়ার কারণে ইসলাম ধর্মের প্রতি তাঁর আগ্রহ তৈরি হয়। পরে ইসলাম ধর্মের প্রতি বিশ্বাস স্থাপন করে তিনি ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন।
ইসলাম গ্রহণের পর নিজের নাম ‘মোছা. নুরে জান্নাত’ রাখার ঘোষণাও দেন তিনি। পাশাপাশি ভবিষ্যতে এ নামেই পরিচিত হওয়ার কথা উল্লেখ করেন।
ইমরানকে বিয়ের ঘোষণা
এদিকে একই এফিডেভিটের মাধ্যমে মো. ইমরান আলীর সঙ্গে বিয়ের ঘোষণাও দিয়েছেন নুরে জান্নাত। ইমরান আলীর জন্ম ২৫ অক্টোবর ২০০৩ সালে। তাঁর পিতার নাম মো. তোবারক হোসেন এবং মাতার নাম মোছা. মরিয়ম বেগম। তাঁর বাড়িও বদরগঞ্জ উপজেলার রাধানগর কাছিপাড়া এলাকায়।
বিবাহের ঘোষণায় বলা হয়েছে, পূর্বপরিচয়ের সূত্র ধরে দুজনের মধ্যে সম্পর্ক তৈরি হয়। পরস্পরের সম্মতিতে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেন।
এফিডেভিট অনুযায়ী, বিয়েতে দেনমোহর ২ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে স্বর্ণের নাকফুল বাবদ ৩ হাজার টাকা পরিশোধ করা হয়েছে এবং অবশিষ্ট দেনমোহর বাকি রাখা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
তাঁরা আরও জানান, একজন মাওলানার মাধ্যমে ইজাব-কবুলের পর তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। পরবর্তী সময়ে আইনগত জটিলতা এড়াতে এবং প্রয়োজনীয় নথির জন্য নোটারি পাবলিকের সামনে বিবাহের ঘোষণা দিয়েছেন।
এফিডেভিটে ভবিষ্যতে সরকার স্বীকৃত নিকাহ রেজিস্ট্রারের মাধ্যমে বিবাহ নিবন্ধনের কথাও উল্লেখ করা হয়েছে।
নুরে জান্নাত ও ইমরান আলী উভয়েই এফিডেভিটে তাঁদের দেওয়া তথ্য নিজেদের জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য বলে ঘোষণা দিয়ে স্বাক্ষর করেছেন।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।