পুলিশকে ধমক আখতারুজ্জামানের, এজলাস থেকেও পুলিশকে বের হতে বললেন
- আপলোডের সময় : Saturday, October 3, 2026,

পুলিশকে ধমক আখতারুজ্জামানের, এজলাস থেকেও পুলিশকে বের হতে বললেন
সাবেক সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে আদালতে হাজির করার সময় পুলিশের সঙ্গে তাঁর বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। পরে আদালতে বিচারকের উদ্দেশ্যে এজলাসে থাকা পুলিশ সদস্যদের বের করে দেওয়ার কথাও বলেন তিনি।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে প্রিজনভ্যানে করে হাতকড়া পরিয়ে আখতারুজ্জামানকে ঢাকার সিএমএম আদালতের সামনে আনা হয়। পরে কড়া নিরাপত্তার মধ্যে তাকে প্রিজনভ্যান থেকে নামিয়ে আদালতে নেওয়ার সময় হাজতখানার ইনচার্জ এসআই মো. মোরশেদ বলেন, ‘স্যার, চলেন আদালতে।’
এ সময় আখতারুজ্জামান ওই পুলিশ সদস্যকে ধমক দিয়ে বলেন, ‘আমাকে ধরবেন না। ডোন্ট টাচ মি।’ এরপর প্রিজনভ্যান থেকে নামার সময় নিজের মাথার হেলমেট ছুড়ে ফেলে দিয়ে তিনি বলেন, ‘আমি হেলমেট মানি না। সরকারের অবৈধ অর্ডার মানি না।’
পরে তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীরের আদালতে তোলা হয়। শুনানির সময় বিচারকের উদ্দেশ্যে আখতারুজ্জামান বলেন, ‘এখানে কোনো পুলিশ থাকবে না।’ এরপর অতিরিক্ত পুলিশ সদস্যদের এজলাস থেকে বের করে আদালতের গেটে রাখা হয়।
প্রিজনভ্যানের ভেতরে পুলিশের সঙ্গে ওই ঘটনার বিষয়ে জানতে চাইলে সিএমএম কোর্টের হাজতখানার ইনচার্জ এসআই মো. মোরশেদ বলেন, প্রিজনভ্যান আদালতের সামনে আসার পর তিনি আখতারুজ্জামানকে আদালতে যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন। তখন তিনি তাকে না ধরতে বলেন। এরপর তিনি আর কিছু বলেননি।
পুলিশের এক সদস্যের ভাষ্য অনুযায়ী, শুনানির সময় আখতারুজ্জামান বিচারকের উদ্দেশ্যে বলেন, ‘আমরা বিভিন্ন এমপিসহ পরিবার নিয়ে ৭০ জন, ৮টা দেশ ঘুরেছি। সেসব দেশের বিমানবন্দরে বাংলাদেশের মতো এমন অব্যবস্থাপনা দেখিনি। তাই আমি ওসব কথা বলেছি।’
এদিকে মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মাজেদুল ইসলাম আখতারুজ্জামানকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। রিমান্ড আবেদনে বলা হয়, বিমানবন্দরে তাঁর আচরণের পেছনে কোনো কুচক্রী মহলের ইন্ধন ছিল কি না, তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
আসামিপক্ষের আইনজীবী আব্দুর রাজ্জাকসহ অন্য আইনজীবীরা জামিনের আবেদন করেন। অন্যদিকে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে জোর দাবি জানান। শুনানি শেষে আদালত আখতারুজ্জামানের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিমানবন্দরে কর্মকর্তাকে হুমকির ঘটনায় দায়ের করা মামলায় শুক্রবার (২ অক্টোবর) বিকেলে রাজধানীর ক্যান্টনমেন্টের ডিওএইচএসের বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
মামলার অভিযোগ অনুযায়ী, গত ১ অক্টোবর বিমানবন্দরে অব্যবস্থাপনা, লাগেজ ট্রলির সংকট, লাগেজ পেতে বিলম্ব এবং জমজমের পানি না আসাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। পরে পরিস্থিতি হুমকি-ধমকির পর্যায়ে পৌঁছায়।
এরপর বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং নিরাপত্তা কর্মকর্তাকে হেনস্তার অভিযোগে আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করা হয়।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।