পার্বতীপুরে শিশুকে চুরি করে বিক্রির অভিযোগ, মামা গ্রেপ্তার
- আপলোডের সময় : Tuesday, October 6, 2026,

পার্বতীপুরে শিশুকে চুরি করে বিক্রির অভিযোগ, মামা গ্রেপ্তার
শাহিনুর রহমান
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুরে সাড়ে চার মাস বয়সী ভাগিনাকে চুরি করে বিক্রির অভিযোগ উঠেছে তার মামা জিয়ারুল ইসলাম (২১)-এর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শিশুটিকেও উদ্ধার করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে গ্রেপ্তার জিয়ারুল ইসলামকে আদালতে সোপর্দ করে পার্বতীপুর মডেল থানা পুলিশ। এর আগে রোববার (৪ অক্টোবর) রাতে উপজেলার চন্দ্রপুর হাফেজপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। জিয়ারুল ইসলাম ওই এলাকার মনোয়ার ইসলামের ছেলে।
উদ্ধার হওয়া শিশুটি দিনাজপুর সদর উপজেলার আনন্দসাগর নেমতারা গ্রামের আল-আমিন ইসলাম ও মনিরা বেগম দম্পতির সন্তান।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, শনিবার (৩ অক্টোবর) রাত ১২টার দিকে পার্বতীপুর উপজেলার চন্দ্রপুর হাফেজপাড়ায় নানার বাড়ি থেকে শিশুটিকে নিয়ে যান তার মামা জিয়ারুল ইসলাম। পরে শিশুটিকে মানব পাচারকারীদের কাছে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ ওঠে। শিশুটিকে খুঁজে না পেয়ে তার বাবা থানায় অভিযোগ করেন।
অভিযোগের ভিত্তিতে রোববার রাতে অভিযান চালিয়ে জিয়ারুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শিশুটিকে উদ্ধার করা হয়।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিশুটির বাবা বাদী হয়ে মানব পাচার আইনে মামলা করেছেন। মামলায় পাঁচজনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার জিয়ারুল ইসলামকে সোমবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।