পার্বতীপুরে দুই বছর পর দখলমুক্ত হলো দুই বিদ্যালয়ের প্রধান ফটক
- আপলোডের সময় : Friday, September 11, 2026,

পার্বতীপুরে দুই বছর পর দখলমুক্ত হলো দুই বিদ্যালয়ের প্রধান ফটক
শাহিনুর রহমান
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি, আমার সকাল ২৪
দিনাজপুর
দিনাজপুরের পার্বতীপুরে প্রায় দুই বছর ধরে বন্ধ থাকা দুটি বিদ্যালয়ের প্রধান ফটক দখলমুক্ত করা হয়েছে। এতে বিদ্যালয় দুটির শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের স্বাভাবিক যাতায়াতের পথ উন্মুক্ত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হোসাইন রাজুর হস্তক্ষেপে এবং স্থানীয়দের সহযোগিতায় বিদ্যালয় দুটির প্রধান ফটকে দেওয়া টিনের ঘেরা সরিয়ে দেওয়া হয়।
জানা গেছে, ৫ আগস্ট-পরবর্তী সময়ে উপজেলার মন্মথপুর ইউনিয়নের গোপালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আজিজার সরকার বালিকা উচ্চ বিদ্যালয়ের সড়কসংলগ্ন প্রবেশপথের প্রধান ফটক টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেন স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। এতে দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে প্রবেশ ও বের হতে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের ভোগান্তিতে পড়তে হচ্ছিল।
সম্প্রতি বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টির সমাধান চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার ঘটনাস্থলে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হোসাইন রাজু। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রধান ফটকে দেওয়া টিনের বেড়া অপসারণ করে প্রবেশপথটি উন্মুক্ত করা হয়।
দীর্ঘদিন প্রধান ফটক বন্ধ থাকায় শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের চলাচলে নানা সমস্যা হচ্ছিল। ফটকটি উন্মুক্ত হওয়ায় বিদ্যালয় দুটিতে স্বাভাবিক পরিবেশ ফিরে এসেছে।
গোপালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঞ্জুমানারা পারভীন বলেন, ফটকটি দখলমুক্ত হওয়ায় এখন শিক্ষক-শিক্ষার্থীসহ সবাই স্বাভাবিকভাবে বিদ্যালয়ে যাতায়াত করতে পারবেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ হোসাইন রাজু বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি সরেজমিনে পরিদর্শন করা হয়। বিদ্যালয়ের স্বাভাবিক যাতায়াত নিশ্চিত করতে বন্ধ প্রবেশপথটি উন্মুক্ত করা হয়েছে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।