
শাহিনুর রহমান, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজের সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিরাজুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ এ জেড এম রেজওয়ানুল হক।
সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, গণতান্ত্রিক মূল্যবোধ, জাতীয় ঐক্য এবং দেশ গঠনে তরুণ প্রজন্মের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ হোসাইন রাজু, পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস রায়, উপজেলা কৃষি কর্মকর্তা রাজিব হুসাইন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনিসুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় সুধীজন।