পাবনা সদর থানার সামনে থেকে শিকল ভেঙে ভ্রাম্যমাণ দোকান চুরির অভিযোগ
- আপলোডের সময় : Tuesday, October 6, 2026,

পাবনা সদর থানার সামনে থেকে শিকল ভেঙে ভ্রাম্যমাণ দোকান চুরির অভিযোগ
আহমেদ শাকিল সুমন
ক্রাইম রিপোর্টার
পাবনা সদর থানা সংলগ্ন ফার্স্ট কেয়ার হাসপাতাল ও কৌশিক ডেন্টাল কেয়ারের মাঝামাঝি একটি খোলা জায়গা থেকে শিকল ভেঙে চার চাকার বক্স আকৃতির ভ্রাম্যমাণ দোকান চুরির অভিযোগ উঠেছে। এতে পরিবারের একমাত্র জীবিকার মাধ্যম হারিয়ে আর্থিক সংকটে পড়েছেন মো. সিয়াম হক পিন্টু (২২) নামে এক তরুণ।
এ ঘটনায় গত ৫ অক্টোবর পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন সিয়াম হক পিন্টু। তিনি পাবনা সদর উপজেলার শালগাড়িয়া এলাকার বাসিন্দা।
অভিযোগপত্রে সিয়াম উল্লেখ করেন, তিনি ভ্রাম্যমাণ গার্মেন্টস পণ্যের ব্যবসা করেন। শারীরিক অসুস্থতার কারণে কিছুদিন ধরে নিয়মিত ব্যবসা পরিচালনা করতে পারছিলেন না। স্থানীয় কয়েকজনের পরামর্শে দোকানটি নিরাপদে রাখার জন্য পাবনা সদর থানার পাশে ফার্স্ট কেয়ার হাসপাতাল ও কৌশিক ডেন্টাল কেয়ারের মাঝামাঝি একটি সরকারি খোলা জায়গায় রেখে দেন।
অভিযোগে বলা হয়, গত ২৫ সেপ্টেম্বর সকাল আনুমানিক ১০টার দিকে তিনি চার চাকার বক্স আকৃতির ভ্রাম্যমাণ দোকানটি ওই স্থানে রেখে যান। দোকানটি শিকল ও লোহার পেরেক দিয়ে তালাবদ্ধ করে রাখা হয়েছিল। অসুস্থতার কারণে এরপর নিয়মিত সেখানে গিয়ে দোকানটির খোঁজ নিতে পারেননি তিনি।
পরে ৪ অক্টোবর দুপুর আনুমানিক ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে সিয়াম দেখতে পান, তার ভ্রাম্যমাণ দোকানটি সেখানে নেই। এরপর আশপাশের বিভিন্ন স্থান ও সম্ভাব্য এলাকায় খোঁজ করেও দোকানটির সন্ধান পাননি। স্থানীয়দের কাছেও বিষয়টি জানতে চান তিনি।
সিয়ামের অভিযোগ, ২৫ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ৪ অক্টোবর দুপুর ১২টার মধ্যে কোনো একসময় দুর্বৃত্তরা শিকল ভেঙে তার ভ্রাম্যমাণ দোকানটি নিয়ে গেছে। দোকানটি ছিল তার জীবিকা নির্বাহের প্রধান মাধ্যম। এটি হারিয়ে তিনি আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলে অভিযোগে উল্লেখ করেন।
সিয়াম হক পিন্টু বলেন, “অনেক কষ্ট করে ভ্রাম্যমাণ দোকানটি তৈরি করেছিলাম। অসুস্থতার কারণে ব্যবসা চালাতে না পারলেও দোকানটি নিরাপদে রেখে দিয়েছিলাম। এখন সেটিও চুরি হয়ে গেছে। পরিবার চালানোর একমাত্র অবলম্বন হারিয়ে খুব বিপদে পড়েছি।”
অভিযোগপত্রে ঘটনার তদন্ত করে চুরি যাওয়া ভ্রাম্যমাণ দোকানটি উদ্ধার এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন সিয়াম।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।