পাবনায় ১ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন গ্রেপ্তার
- আপলোডের সময় : Tuesday, September 15, 2026,

পাবনায় ১ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন গ্রেপ্তার
আহমেদ শাকিল সুমন
ক্রাইম রিপোর্টার, আমার সকাল ২৪
পাবনা
পাবনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. রাজিব বিশ্বাস (৪০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে পাবনা সদর থানার দক্ষিণ রাঘবপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে হযরত আলী জামে মসজিদের পূর্ব পাশে মসজিদ মালিকানাধীন তিনতলা ভবনের সামনে অভিযান চালানোর সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে রাজিব বিশ্বাসকে আটক করা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার বসতঘরে তল্লাশি চালিয়ে খাটের ড্রয়ারে রাখা একটি লাল রঙের শপিং ব্যাগ থেকে ১০০ পাতা ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রতিটি পাতায় ১০টি করে মোট ১ হাজার পিস ট্যাপেন্টাডল ১০০ মিলিগ্রাম ট্যাবলেট ছিল। উদ্ধার করা ট্যাবলেটসহ প্রতিটি পাতার ওজন ৪ দশমিক ২০ গ্রাম হিসেবে মোট ওজন ৪২০ গ্রাম বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার রাজিব বিশ্বাস পাবনা সদর উপজেলার রামচন্দ্রপুর হাবুলের মাঠ এলাকার মৃত মানিক বিশ্বাসের ছেলে। তার বর্তমান ঠিকানা দক্ষিণ রাঘবপুর এলাকায়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজিব বিশ্বাস পাবনার বিভিন্ন এলাকা থেকে ট্যাপেন্টাডল সংগ্রহ করে মাদকসেবীদের কাছে বিক্রির কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় রাজিব বিশ্বাসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(ক) ধারা অনুযায়ী পাবনা সদর থানায় নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।