পাবনায় ১৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
- আপলোডের সময় : Thursday, September 10, 2026,

পাবনায় ১৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
আহমেদ শাকিল সুমন
ক্রাইম রিপোর্টার, আমার সকাল ২৪
পাবনা
পাবনায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধার করা ইয়াবার মোট ওজন ১৫ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য ৪৫ হাজার টাকা বলে জানিয়েছে ডিবি।
ডিবি সূত্রে জানা গেছে, ৯ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের বাক্সীডাঙ্গী গ্রামের মুজিব বাঁধ সংলগ্ন খালের দক্ষিণ পাশে বিএডিসির সেচপাম্প ঘরে অভিযান পরিচালনা করা হয়। রাত সাড়ে ১১টার দিকে সেখানে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়।
পরে সাক্ষীদের উপস্থিতিতে বিধি অনুযায়ী তাদের দেহ তল্লাশি করা হলে মোঃ মোতাহার হোসেন শেখের কাছ থেকে ৫০ পিস, মোঃ কুতুব উদ্দিন বিশ্বাসের কাছ থেকে ৫০ পিস এবং মোঃ ইয়াছিন ওরফে ইছিনের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রত্যেকের কাছ থেকে উদ্ধার করা ইয়াবার ওজন ছিল ৫ গ্রাম করে।
গ্রেপ্তার তিনজন হলেন—পাবনা সদর উপজেলার বাক্সীডাঙ্গী গ্রামের মৃত হাবিবুর রহমান শেখের ছেলে মোঃ মোতাহার হোসেন শেখ (৪৫), শুকচর গ্রামের মোঃ আব্দুল কুদ্দুস বিশ্বাসের ছেলে মোঃ কুতুব উদ্দিন বিশ্বাস (৩০) এবং ভাদুরিয়া ডাঙ্গী গ্রামের মৃত হাকিম প্রামাণিকের ছেলে মোঃ ইয়াছিন ওরফে ইছিন (৩৫)।
ডিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা পাবনা জেলার বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে চরতারাপুর ইউনিয়নসহ জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবীদের কাছে বিক্রির কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় পাবনা সদর থানায় নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
জেলা গোয়েন্দা শাখা, পাবনার পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।