পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী গ্রেপ্তার
- আপলোডের সময় : Tuesday, September 8, 2026,

পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী গ্রেপ্তার
ক্রাইম রিপোর্টার | আহমেদ শাকিল সুমন
পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে দুই মাদকসেবীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
রোববার (৬ সেপ্টেম্বর) পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মো. দিদারুল ইসলামের নেতৃত্বে পাবনা সদর উপজেলার লস্করপুর এলাকার বিভিন্ন মাদক স্পটে পৃথক অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—মো. আলামিন (৩০), পিতা মো. মফিজউদ্দিন, ঠিকানা কোদালিয়া, পাবনা এবং মো. মিন্টু (৬০), পিতা মো. রাজা আলী, ঠিকানা দক্ষিণ রামচন্দ্রপুর, পাবনা।
ডিএনসি পাবনার উপপরিদর্শক মো. জামালুর রহমান ও উপপরিদর্শক সোহান ভ্রাম্যমাণ আদালতে তাদের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হলে তাদের পাবনা জেলা কারাগারে পাঠানো হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর।
তিনি জানান, সেপ্টেম্বর মাসে এ পর্যন্ত মাদক অপরাধের সঙ্গে জড়িত মোট ২২ জনকে আইনের আওতায় আনা হয়েছে। মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।