পাবনায় বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে স্কয়ার ও ব্র্যাকের সঙ্গে পৌরসভার সমঝোতা
- আপলোডের সময় : Sunday, September 13, 2026,

পাবনায় বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে স্কয়ার ও ব্র্যাকের সঙ্গে পৌরসভার সমঝোতা
আহমেদ শাকিল সুমন
ক্রাইম রিপোর্টার, আমার সকাল ২৪
পাবনা
পাবনা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে পৌরসভা, স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও ব্র্যাকের মধ্যে ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এ উদ্যোগকে দেশের জন্য অনুসরণযোগ্য একটি মডেল হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, সরকারি সহায়তার অপেক্ষায় না থেকে স্থানীয় উদ্যোগগুলোকে সমন্বিতভাবে বাস্তবায়ন করা গেলে তা দৃষ্টান্ত স্থাপন করবে। পরিচ্ছন্ন ও বাসযোগ্য পাবনা গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
আয়োজকদের তথ্য অনুযায়ী, পাবনা শহরে প্রতিদিন প্রায় ১০৩ টন বর্জ্য উৎপন্ন হয়। বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে কমিউনিটি বিন স্থাপন, নির্দিষ্ট সময়ে বর্জ্য অপসারণ, সচেতনতামূলক কার্যক্রম এবং স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। প্রাথমিকভাবে ছয় মাসের কর্মপরিকল্পনার মাধ্যমে দৃশ্যমান পরিবর্তন আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিব, পাবনা-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মন্ডল, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশ্রাফ, ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পাবনা পৌরসভার প্রশাসক খায়রুল ইসলাম।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।