পাবনায় পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ২
- আপলোডের সময় : Sunday, October 11, 2026,

পাবনায় পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ২
ক্রাইম রিপোর্টার: আহমেদ শাকিল সুমন
পাবনায় পুলিশের বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র, তাজা গুলি, অস্ত্র তৈরির সরঞ্জাম ও মাদকদ্রব্যসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের ভাদুরি ডাঙ্গি গ্রামের মো. তমসের মোল্লা এবং চক ছাতিয়ানী এলাকার মো. বাপ্পি (২৬)।
পুলিশ জানায়, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ, পিপিএমের নির্দেশনায় পাবনার পুলিশ সুপার (এসপি) মো. আবু আশ্রাফের দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সাখাওয়াত হোসেনের তত্ত্বাবধানে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে চরতারাপুর ইউনিয়নের ভাদুরি ডাঙ্গি গ্রামে অভিযান চালিয়ে প্রথমে তমসের মোল্লাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে একটি একনলা বন্দুক, একটি শুটার গান, ২২ বোরের আট রাউন্ড তাজা গুলি এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
অন্যদিকে, একই দিনে চক ছাতিয়ানী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩৬ বোতল অবৈধ মাদকদ্রব্য ‘এসকাফ’সহ মো. বাপ্পিকে গ্রেপ্তার করে পুলিশ।
পাবনার পুলিশ সুপার মো. আবু আশ্রাফ জানান, সন্ত্রাস, অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে। অপরাধ দমন ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরিফুল ইসলাম, পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম এবং পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার সাহার সমন্বিত তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। এতে সদর থানার পুলিশ সদস্য, সিআরটি টিম, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও অতিরিক্ত পুলিশ সদস্যরা অংশ নেন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পৃথক মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।