পাবনায় চা-দোকানে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত পলাতক
- আপলোডের সময় : Monday, October 5, 2026,

পাবনায় চা-দোকানে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত পলাতক
ক্রাইম রিপোর্টার: আহমেদ শাকিল সুমন
পাবনায় ১১ বছর বয়সী তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে সাইফুল ইসলাম (৫০) নামে এক চা-দোকানির বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত সাইফুল ইসলাম সাদুল্লাপুর ইউনিয়নের কারিগরপাড়ার মৃত আলমের ছেলে। তিনি সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি চায়ের দোকান পরিচালনা করেন। ভুক্তভোগী শিশুটি ওই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে শিশুটিকে নিজের চায়ের দোকানের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। এ সময় বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা এগিয়ে আসেন। পরে অভিযুক্ত সাইফুল সেখান থেকে পালিয়ে যান।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ লোকজন অভিযুক্তের চায়ের দোকানে অগ্নিসংযোগ এবং তার বসতবাড়িতে ভাঙচুর চালায় বলে জানা গেছে।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ১১ বছর বয়সী শিশুটিকে চায়ের দোকানের ভেতরে ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার পর অভিযুক্ত পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
ওসি আরও জানান, উত্তেজিত জনতা অভিযুক্তের দোকান ও বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। শিশুটিকে শারীরিক পরীক্ষার জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।