পাবনায় ইয়াবা ও গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার, ২ মাদকসেবীর কারাদণ্ড
- আপলোডের সময় : Monday, September 14, 2026,

পাবনায় ইয়াবা ও গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার, ২ মাদকসেবীর কারাদণ্ড
ক্রাইম রিপোর্টার: আহমেদ শাকিল সুমন
পাবনায় মাদকবিরোধী পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। একই সঙ্গে পৃথক অভিযানে আরও দুই মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) পাবনা জেলা কার্যালয়ের চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়।
ডিএনসি ঈশ্বরদী সার্কেল সূত্রে জানা যায়, পরিদর্শক মো. আব্দুর রহিমের নেতৃত্বে ঈশ্বরদী থানার দিঘা তিলকপুর গ্রামে অভিযান চালিয়ে মো. শাহাবুদ্দিন মালিথা (৪৫) নামের একজনকে তার বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়। শাহাবুদ্দিন ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের দিঘা তিলকপুর গ্রামের মৃত শহিদুল্লাহ মালিথার ছেলে।
অন্যদিকে, ডিএনসির উপপরিদর্শক সোহানের নেতৃত্বে পাবনা সদর থানার খয়েরসুতি গ্রামে অভিযান চালিয়ে মো. শাকিল খান (২৩) নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়। তার বসতবাড়ি থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। শাকিল পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের খয়েরসুতি গ্রামের মো. ছাদেক খানের ছেলে।
এ ঘটনায় ডিএনসির পরিদর্শক মো. আব্দুর রহিম ও উপপরিদর্শক সোহান বাদী হয়ে গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঈশ্বরদী ও পাবনা সদর থানায় পৃথক মামলা করেছেন।
এ ছাড়া পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মো. দিদারুল ইসলামের নেতৃত্বে পাবনা সদর উপজেলার লস্করপুর এলাকার বিভিন্ন মাদকস্পটে পৃথক অভিযান চালানো হয়। অভিযানে দুই মাদকসেবীকে আটক করে ডিএনসি পাবনা সদর সার্কেল টিম।
আটক ব্যক্তিরা হলেন—পাবনা সদর উপজেলার আরিফপুর এলাকার মো. জিলকদ হোসেনের ছেলে মো. আবির হোসেন (২০) এবং কবিরপুর এলাকার মৃত মিরাজ শেখের ছেলে মো. তৌহিদুল ইসলাম (৪০)।
ডিএনসির উপপরিদর্শক সোহান ও উপপরিদর্শক মো. জামালুর রহমান আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন দাখিল করেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। দণ্ডপ্রাপ্তদের পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। সেপ্টেম্বর ২০২৬ মাসে এ পর্যন্ত মাদক অপরাধের ঘটনায় মোট ৫০ জনকে আইনের আওতায় আনা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।