পানামার উপকূলে ৭.৭ মাত্রার ভূমিকম্প, ৯ দেশে সুনামি সতর্কতা
- আপলোডের সময় : Saturday, October 10, 2026,

পানামার উপকূলে ৭.৭ মাত্রার ভূমিকম্প, ৯ দেশে সুনামি সতর্কতা
মধ্য আমেরিকার দেশ পানামার উপকূলের কাছে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর সম্ভাব্য সুনামি ও পরবর্তী কম্পনের আশঙ্কায় মধ্য ও দক্ষিণ আমেরিকার ৯টি দেশের জন্য সতর্কতা জারি করা হয়েছে।
ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, ভারতীয় সময় শুক্রবার (৯ অক্টোবর) রাত ১১টা ২৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল। ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের তথ্য অনুযায়ী, পানামার রাজধানী পানামা সিটি থেকে প্রায় ২০৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ছিল ভূমিকম্পটির কেন্দ্র।
পানামায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস জানায়, স্থানীয় সময় ৯ অক্টোবর রাত ১২টা ৫৬ মিনিটে পানামার লা পিতালোজা এলাকায় ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্র ছিল পিতালোজা আরিবা এলাকার প্রায় ১৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।
দূতাবাস সতর্ক করে জানিয়েছে, ভূমিকম্পের পর আরও কম্পন হতে পারে, যা ক্ষয়ক্ষতির কারণ হতে পারে। যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা ব্যবস্থার তথ্য অনুযায়ী, কোস্টারিকা, এল সালভাদর, পেরু, মেক্সিকো, গুয়াতেমালা, পানামা, নিকারাগুয়া, কলম্বিয়া ও ইকুয়েডরের জন্য সম্ভাব্য সুনামির সতর্কতা জারি করা হয়েছে।
দূতাবাসের সতর্কবার্তায় বলা হয়েছে, উপকূলীয় এলাকায় শক্তিশালী ও অস্বাভাবিক স্রোত সৃষ্টি হতে পারে। পাশাপাশি হঠাৎ পানির উচ্চতা বেড়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে।
ক্ষতিগ্রস্ত এলাকায় অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের ক্ষতিগ্রস্ত ভবন ও স্থাপনা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতির সর্বশেষ তথ্য জানতে স্থানীয় জরুরি সম্প্রচার এবং সরকারি নির্দেশনার প্রতি নজর রাখতেও বলা হয়েছে।
এ ছাড়া ক্ষতিগ্রস্ত এলাকা এড়িয়ে চলা, ক্ষতিগ্রস্ত ভবনে প্রবেশ না করা এবং উপকূলের কাছাকাছি অবস্থানকারীদের উঁচু স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে দূতাবাস। স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার পাশাপাশি বিদ্যুৎ ও যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ার মতো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতেও বলা হয়েছে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।