পাটগ্রাম সীমান্তে ৬ বাংলাদেশি আটক, নির্যাতনের অভিযোগ
লালমনিরহাট প্রতিনিধি: মোঃ রেজাউল করিম
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্ত এলাকা থেকে ছয়জন বাংলাদেশি নাগরিককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ সময় তাদের ওপর শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে।
বিজিবি, সীমান্ত সূত্র ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান পিলার ৮৬৬-এর ৩ নম্বর উপপিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। সীমান্তের এক পাশে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানার বৈরাগিরহাট ও জুগিরডাঙ্গা এলাকা এবং অপর পাশে বাংলাদেশের পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের পচাভান্ডার সীমান্ত এলাকা অবস্থিত।
অভিযোগ রয়েছে, সোমবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ভারতীয় গরু পাচারকারীদের সহায়তায় কয়েকজন বাংলাদেশি সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। পরদিন মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা তাদের আটক করে মারধর শুরু করলে বিএসএফের ১৫৬ ফালাকাটা ব্যাটালিয়নের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের নিজেদের হেফাজতে নেয়।
আটক ব্যক্তিরা হলেন—জগতবেড় ইউনিয়নের লিটন মিয়া (৪০), অহেদ আলী (২৮), সার্থক হোসেন (২৫), জোংড়া ইউনিয়নের আশরাফুল ইসলাম (৩০), শ্রীরামপুর ইউনিয়নের মশিউর রহমান (৩০) এবং জসীনুর রহমান (২৮)।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, বিএসএফ সদস্যরা স্থানীয়দের উপস্থিতিতেই আটক বাংলাদেশিদের মারধর করেন। পরে তাদের মাথাভাঙ্গা থানার পুলিশের সহায়তায় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে আদালতে হাজির করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম জানান, ভারতের অভ্যন্তরে বাংলাদেশি নাগরিক আটকের বিষয়টি বিজিবির নজরে এসেছে এবং এ বিষয়ে বিএসএফ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে।













