পাটগ্রামে বিজিবির অভিযানে ৭ ভারতীয় গরু আটক
- আপলোডের সময় : Wednesday, November 4, 2026,

পাটগ্রামে বিজিবির অভিযানে ৭ ভারতীয় গরু আটক
মোঃ রেজাউল করিম, বিশেষ প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে পৃথক দুটি অভিযান পরিচালনা করে মালিকবিহীন সাতটি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক করা এসব গরুর মোট সিজার মূল্য ৫ লাখ ৯৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধীনস্থ নাজিরগোমানী ও ধরলা বিওপির বিশেষ টহলদল গত মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ও আজ বুধবার (৪ নভেম্বর) ভোরে এই অভিযান দুটি পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, প্রথম অভিযানটি পরিচালিত হয় মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে। এ সময় সীমান্ত থেকে প্রায় ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কোকোয়াবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চারটি ভারতীয় গরু আটক করা হয়।
এরপর দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয় বুধবার ভোর সাড়ে চারটার দিকে। এ সময় সীমান্ত থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধবলগুড়ি বড়বাড়ী এলাকায় অভিযান চালিয়ে আরও তিনটি ভারতীয় গরু আটক করে বিজিবি।
এ বিষয়ে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) জানায়, সীমান্তে চোরাচালান প্রতিরোধ, মাদকদ্রব্যের অনুপ্রবেশ রোধ এবং অবৈধ বাণিজ্যসহ সব ধরনের সীমান্ত অপরাধ দমনে তাদের নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত সুরক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে ভবিষ্যতেও এ ধরনের কঠোর অভিযান আরও জোরদার করা হবে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।