পাইকগাছায় পুকুর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার
- আপলোডের সময় : Sunday, March 15, 2026,

পাইকগাছায় পুকুর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার
খুলনার পাইকগাছা উপজেলায় পুকুর থেকে ভারতি মন্ডল (৫৫) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নিচ্ছিল।
জানা গেছে, উপজেলার পুতলাখালী গ্রামের প্রভাষ মন্ডলের স্ত্রী এবং এসআই চিন্ময় মন্ডলের মা ভারতি মন্ডলের বাড়িতে শনিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা হানা দেয়। তারা তাকে জিম্মি করে ঘরে থাকা আসবাবপত্র তছনছ করে। একপর্যায়ে ভারতি মন্ডলকে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে রেখে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে লতা ইউনিয়নের পুতলাখালী ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য স্বপন কুমার মন্ডল জানান, রোববার সকালে নিহত ভারতি মন্ডলের ভাই শংকরদানা গ্রামের সুকুমার মন্ডল পুকুর খনন কাজের জন্য তাদের বাড়িতে আসেন। এ সময় ঘরের বারান্দার গ্রিল খোলা দেখতে পেয়ে তিনি বোনকে ডাকাডাকি করেন। কিন্তু কোনো সাড়া না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে তার মরদেহ ভাসতে দেখে চিৎকার দেন। পরে স্থানীয় লোকজন এসে পুলিশকে খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে মরদেহ উদ্ধার করে এবং গলা কাটা অবস্থায় দেখতে পায়।
এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম কিবরিয়া জানান, পুকুরে মরদেহ পাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।