
নেপালের হিমালয়ঘেরা কালীগণ্ডকী নদী উপত্যকার একটি বিলাসবহুল হোটেলকে ২০২৬ সালের বিশ্বের সেরা লাক্সারি হোটেল হিসেবে নির্বাচিত করেছে যুক্তরাষ্ট্রের ম্যাগাজিন রব রিপোর্ট।
তালিকার শীর্ষে রয়েছে Shinta Mani Mustang। ২৯ কক্ষের এই বিশেষায়িত হোটেলে অতিথিদের ন্যূনতম পাঁচ রাত অবস্থান করতে হয়।
হোটেলটির মূল আকর্ষণ হলো স্বাস্থ্যসেবা, প্রকৃতি ও হিমালয়ভিত্তিক জীবনধারা। অতিথিদের জন্য তিব্বতি চিকিৎসকদের পরামর্শে ব্যক্তিগত স্বাস্থ্য কর্মসূচি তৈরি করা হয়। হিমালয়ের ভেষজ উপাদান ও প্রাকৃতিক উপকরণ ব্যবহার করে দেওয়া হয় বিভিন্ন ধরনের সুস্থতা সেবা।
এখানে অবস্থানকারীরা হিমালয়ে ট্রেকিং, স্থানীয় গ্রাম ভ্রমণ এবং নেপালের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান। হোটেলের কক্ষ থেকেই দেখা যায় নীলগিরি পর্বতমালার মনোমুগ্ধকর দৃশ্য।
রব রিপোর্ট ২০২৩ সাল থেকে বিশ্বের সেরা বিলাসবহুল হোটেলের তালিকা প্রকাশ করে আসছে। ভ্রমণ বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে তৈরি করা হয় এই তালিকা।
ইউরোপের সেরা অবস্থানে রয়েছে স্কটল্যান্ডের Hope Lodge, যা বিশ্বের তালিকায় তৃতীয় স্থান পেয়েছে। একসময় শিকারের লজ হিসেবে ব্যবহৃত হলেও পরে এটি বিলাসবহুল হোটেলে রূপান্তর করা হয়।
২০২৬ সালের বিশ্বের সেরা ১০ বিলাসবহুল হোটেল:
১. শিন্তা মানি মুস্তাং — নেপাল
২. সিঙ্গিতা কুইতন্ডা — রুয়ান্ডা
৩. হোপ লজ — স্কটল্যান্ড
৪. পার্ক হায়াত টোকিও — জাপান
৫. শক্তি প্রাণা — ভারত
৬. কলেজিও আলা কেরচে — ইতালি
৭. ক্ল্যারিজেস — যুক্তরাজ্য
৮. লে ব্রিস্টল প্যারিস — ফ্রান্স
৯. আইলাস সেকাস — পানামা
১০. কাসা বোনাভিটা — মাল্টা