পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন বিলুপ্তের সিদ্ধান্ত
- আপলোডের সময় : Thursday, October 8, 2026,

পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন বিলুপ্তের সিদ্ধান্ত
মাদ্রাসায় শিক্ষক নিয়োগের দায়িত্ব স্কুল সার্ভিস কমিশনের কাছে
পশ্চিমবঙ্গের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় শিক্ষক নিয়োগের কাঠামোয় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মাদ্রাসা সার্ভিস কমিশন (এমএসসি) বিলুপ্ত করে এর কার্যক্রম পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের (ডব্লিউবিএসএসসি) সঙ্গে একীভূত করার সিদ্ধান্ত অনুমোদন করেছে রাজ্য মন্ত্রিসভা।
৬ অক্টোবর রাতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, মাদ্রাসা সার্ভিস কমিশন বিলুপ্ত করে সেটিকে স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে যুক্ত করা হবে। ফলে পরবর্তী সময়ে মাদ্রাসায় শিক্ষক নিয়োগের প্রক্রিয়া স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে পরিচালিত হবে।
তবে সিদ্ধান্তটি পুরোপুরি কার্যকর করতে পশ্চিমবঙ্গ বিধানসভায় দুটি পৃথক বিল আনতে হবে। এর একটি হবে মাদ্রাসা সার্ভিস কমিশন আইন বাতিলের জন্য এবং অন্যটি স্কুল সার্ভিস কমিশন আইনে প্রয়োজনীয় সংশোধনের জন্য। বিধানসভায় বিল পাসের পর রাজ্যপালের অনুমোদন ও গেজেট বিজ্ঞপ্তি জারির মাধ্যমে নতুন ব্যবস্থা কার্যকর হবে বলে প্রশাসনিক সূত্র জানিয়েছে।
পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন ২০০৮ সালের আইনের আওতায় গঠিত হয়। ২০০৭ সালে রাজ্যের ৬১৪টি মাদ্রাসাকে সংখ্যালঘু শিক্ষাপ্রতিষ্ঠানের মর্যাদা দেওয়ার পর পৃথক নিয়োগ কাঠামোর প্রয়োজনীয়তা তৈরি হয়। পরবর্তী সময়ে ২০০৮ সালের আইনের ভিত্তিতে মাদ্রাসায় শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগে কমিশনটি দায়িত্ব পালন করে আসছিল।
সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গে স্কুল শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও বড় ধরনের প্রশাসনিক পরিবর্তন হয়েছে। নতুন ওবিসি সংরক্ষণ কাঠামোর কারণে স্কুল সার্ভিস কমিশন নিয়োগের তালিকা ও আসন বিন্যাস পুনর্বিন্যাস করছে।
নতুন সিদ্ধান্ত কার্যকর হলে মাদ্রাসার শিক্ষক নিয়োগের জন্য পৃথক কমিশনের পরিবর্তে স্কুল সার্ভিস কমিশনের অধীনেই নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হবে। তবে আইনগত প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত নতুন ব্যবস্থা পুরোপুরি কার্যকর হবে না।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।