পটিয়ায় চার বোনের একমাত্র ভাই সাব্বিরের মৃত্যু, ৪০ দিন লড়েও বাঁচানো গেল না
- আপলোডের সময় : Friday, October 16, 2026,

পটিয়ায় চার বোনের একমাত্র ভাই সাব্বিরের মৃত্যু, ৪০ দিন লড়েও বাঁচানো গেল না
মুহাম্মদ আকতার উদ্দিন, পটিয়া প্রতিনিধি
চার বোনের একমাত্র ভাই সাব্বির। বয়স মাত্র ১৬ বছর। রিকশাচালক বাবা গোরা মিয়ার একমাত্র পুত্রসন্তান সে। দীর্ঘ ১ মাস ১০ দিন চিকিৎসাধীন থেকে মৃত্যুর সঙ্গে লড়াই করেও শেষ পর্যন্ত বাঁচানো গেল না কিশোর সাব্বিরকে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাব্বিরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচাতো ভাই জুয়েল।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সাব্বির পটিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। প্রায় ৪০ দিন আগে পটিয়া পৌর সদরের কিচেন মার্কেটের একটি গ্রিল ওয়ার্কশপে কাজ করার সময় দোতলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় সে। এতে তার মাথায় মারাত্মক আঘাত লাগে।
পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার শেষনিশ্বাস ত্যাগ করে সাব্বির।
তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। চার বোনের একমাত্র ভাইকে হারিয়ে শোকাহত স্বজনেরা। রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা বাবা গোরা মিয়ার একমাত্র ছেলেকে হারানোর ঘটনায় পরিবারে নেমে এসেছে গভীর শোক।
সাব্বিরের মৃত্যুতে স্থানীয় এলাকাতেও শোকের পরিবেশ বিরাজ করছে। মাত্র ১৬ বছর বয়সে তার এমন মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয়রা।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।