নৌকাডুবিতে নিহত সাক্ষর কুন্ডু টয়ের পরিবারের পাশে এমপি জাহাঙ্গীর আলম
- আপলোডের সময় : Tuesday, September 15, 2026,

নৌকাডুবিতে নিহত সাক্ষর কুন্ডু টয়ের পরিবারের পাশে এমপি জাহাঙ্গীর আলম
সাজ্জাদুর রহমান
বিশেষ প্রতিনিধি, আমার সকাল ২৪
দিনাজপুর
দিনাজপুরে নৌকাডুবিতে নিহত সাক্ষর কুন্ডু টয়ের শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে শহরের কালিতলা এলাকায় নিহত টয়ের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানান তিনি। একই সঙ্গে পরিবারের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
সনাতন ধর্মাবলম্বীদের দীর্ঘদিনের ঐতিহ্য অনুযায়ী কাহারোল উপজেলার কান্তনগর মন্দির থেকে কান্তজী বিগ্রহ নৌকাযোগে ঢেপা নদী দিয়ে দিনাজপুর রাজবাড়ী মন্দিরে নিয়ে আসা হয়। এরই ধারাবাহিকতায় গত ২ সেপ্টেম্বর কান্তনগর মন্দির থেকে রাজবাড়ীর উদ্দেশ্যে নৌযাত্রার সময় ঢেপা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে। এতে দিনাজপুর শহরের কালিতলা এলাকার বাসিন্দা সিন্টু কুন্ডুর একমাত্র ছেলে সাক্ষর কুন্ডু টয় নিহত হন।
টয়ের অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। দুর্ঘটনার সময় চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করায় এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম সরাসরি পরিবারের পাশে উপস্থিত হতে পারেননি। তবে দূর থেকেই তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছিলেন।
দিনাজপুরে ফিরে সোমবার রাতে নিহত টয়ের বাড়িতে গিয়ে তার বাবা-মা, স্ত্রী, সন্তানসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এমপি জাহাঙ্গীর আলম। এ সময় তিনি পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং যেকোনো প্রয়োজনে সহযোগিতার কথা জানান।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুন্না, সাবেক ছাত্রনেতা ও দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোস্তফা কামাল মিলন, জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. মামুনুর রশিদ কচি, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক উত্তম কুমার রায়সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পাড়া-প্রতিবেশী ও নিহতের পরিবারের সদস্যরা।
এ সময় উপস্থিত সবাই সাক্ষর কুন্ডু টয়ের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।