
মোঃ আবু সালেহ রিয়াজ | আমার সকাল ২৪
নোয়াখালী জেলা শহরে ড্রেন পরিষ্কার কার্যক্রমকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে চরম ভোগান্তির অভিযোগ উঠেছে।
সরেজমিনে দেখা যায়, ড্রেন পরিষ্কারের পর সেখান থেকে তোলা ময়লা-আবর্জনা ড্রেনের পাশেই ফেলে রাখা হয়েছে। এতে পথচারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
স্থানীয়রা জানান, দীর্ঘ সময় ধরে এসব ময়লা অপসারণ না করায় তারা দুর্ভোগে পড়ছেন। বিশেষ করে থানার সামনের সড়ক দিয়ে চলাচলের সময় ঝুঁকি নিয়ে পথ চলতে হচ্ছে বলে অভিযোগ করেন তারা।
এছাড়া সামান্য বৃষ্টিপাত হলেই ফেলে রাখা ময়লা আবার ড্রেনে পড়ে গিয়ে জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
ভুক্তভোগীরা দ্রুত ময়লা অপসারণসহ কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন।
এ বিষয়ে নোয়াখালী পৌরসভা-এর বক্তব্য জানার চেষ্টা করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।