নেছারাবাদে সেপটিক ট্যাংকে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, হাসপাতালে শ্রমিক
- আপলোডের সময় : Tuesday, September 15, 2026,

নেছারাবাদে সেপটিক ট্যাংকে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, হাসপাতালে শ্রমিক
স্টাফ রিপোর্টার
আমার সকাল ২৪
পিরোজপুর
পিরোজপুরের নেছারাবাদে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের ভেতরে প্রবেশ করে মো. মনির শেখ (৪২) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা মো. কুদ্দুস (৭০) নামে অপর এক শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বলদিয়া ইউনিয়নের রাজাবাড়ি গ্রামের তারা মিয়ার নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে মনির শেখের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
নিহত মনির শেখ পাশের নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফলনী গ্রামের মো. আব্দুল জলিল শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শী রাজমিস্ত্রি মো. শাহ আলম জানান, মনির শেখ ও তার সহযোগী কুদ্দুস রাজাবাড়ি গ্রামের তারা মিয়ার বাড়ির সেপটিক ট্যাংকের কাজ করছিলেন। সকালে ট্যাংকের ঢাকনা খুলে ভেতরে ঢালাইয়ের সেন্টারিং খুলতে প্রথমে মনির শেখ প্রবেশ করেন। পরে কুদ্দুসও ট্যাংকের ভেতরে নামেন।
শাহ আলম বলেন, এ সময় তিনি ও অন্য শ্রমিকরা পাশের একটি ভবনে কাজ করছিলেন। হঠাৎ চিৎকার শুনে তারা ছুটে গিয়ে দেখেন, সেপটিক ট্যাংকের ভেতরে দুজনই অচেতন অবস্থায় পড়ে আছেন। পরে কয়েকজন মিলে তাদের উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক মনির শেখকে মৃত ঘোষণা করেন। কুদ্দুসকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়।
নিহতের বাবা মো. আব্দুল জলিল শেখ বলেন, সকালে তার ছেলে মনির শেখ রাজাবাড়ির তারা মিয়ার ভবনের সেপটিক ট্যাংকের ভেতরে কাজ করতে নামেন। সেখানে অসুস্থ হয়ে ছেলে ও তার সহযোগী অচেতন হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে মনিরের মৃত্যু হয়।
নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, সেপটিক ট্যাংকের ভেতরে অক্সিজেনের ঘাটতির কারণে শ্বাসরুদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে। অপরজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মনির শেখকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।
নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, সেপটিক ট্যাংকের ভেতরে নেমে মনির শেখ অচেতন হয়ে মারা গেছেন বলে তিনি জানতে পেরেছেন। তার সঙ্গে থাকা অপর ব্যক্তিও অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মনির শেখের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।