
মনিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি (নীলফামারী):
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে বিপুল পরিমাণ জাল বিদেশি মুদ্রা ও পাসপোর্টসহ এক জাল টাকা কারবারিকে আটক করা হয়েছে।
১২ মার্চ ২০২৬ তারিখে নীলফামারীর পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. মতলুবর রহমানের তত্ত্বাবধানে ডিবির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ থানার নিতাই ইউনিয়নের বাড়ি মধুপুর ফুলবাড়ী (আবাসন) গুচ্ছগ্রামে অভিযান পরিচালনা করে।
অভিযানে মো. মমিজুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি কুঠিয়ালপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, আটক ব্যক্তির শয়নকক্ষের খাটের তোষকের নিচ থেকে জাল বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মুদ্রার মধ্যে রয়েছে মালয়েশিয়ার ১০০ রিঙ্গিতের ৫৮০টি নোট, সৌদি আরবের ১০০ রিয়ালের ৯০টি নোট, ৫০০ রিয়ালের ১৯০টি নোট, থাইল্যান্ডের ১০০০ বাথের ১৯০টি নোট এবং ৫০০ বাথের ২৯০টি নোট। এছাড়া তার কাছ থেকে ৬টি পাসপোর্ট ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক মমিজুল ইসলাম পলাতক সহযোগীদের সঙ্গে মিলে প্রতারণার উদ্দেশ্যে বিভিন্ন দেশের জাল মুদ্রা তৈরি, সংরক্ষণ ও সরবরাহের সঙ্গে জড়িত।
এ ঘটনায় নীলফামারীর কিশোরগঞ্জ থানায় মামলা নং-১৮, জিআর নং-৭৩/২৬ (তারিখ: ১২ মার্চ ২০২৬) দায়ের করা হয়েছে। মামলায় বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪-এর ২৫-ক ধারা এবং দণ্ডবিধির ৪৮৯-খ/৪৮৯-গ ধারা যুক্ত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।