
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল গণনা করে পরের দিন শুক্রবার সকালেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত গণভোট ও নির্বাচন বিষয়ক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
তিনি আরও জানান, পোস্টাল ভোটের রেজিস্ট্রেশন ডিজিটালভাবে করা হয়েছে, তবে বাকিটা ম্যানুয়ালি গণনা করা হবে। ভোটের দিন বিকেল ৪টার মধ্যে পোস্টে পৌঁছানো ভোটগুলোই গণনার আওতায় আসবে। প্রতিটি পোস্টাল ভোট সংসদীয় আসনের ভিত্তিতে গণনা করা হবে।
দ্বৈত নাগরিকদের ভোট দেওয়ার ক্ষেত্রে কোনো সাংবিধানিক বাধা নেই। তবে দ্বৈত নাগরিকত্ব থাকলে প্রার্থী হওয়া যাবে না; প্রার্থীকে অন্য দেশের নাগরিকত্ব ত্যাগ করতে হবে।
সানাউল্লাহ জানান, নির্বাচন কমিশনকে অন্তর্বর্তী সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করেনি। এছাড়াও তিনি জানান, গণঅভ্যুত্থানের পর থানা থেকে ৯ শতাধিক অস্ত্র উদ্ধার করা হয়েছে। ভোটকেন্দ্রগুলোতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সিসি ক্যামেরার আওতায় রাখা হবে।