নালিতাবাড়ীতে জুসে বিষ মিশিয়ে স্বামীকে হত্যার অভিযোগ, তদন্তের অগ্রগতি নিয়ে পরিবারের ক্ষোভ
- আপলোডের সময় : Monday, October 5, 2026,

নালিতাবাড়ীতে জুসে বিষ মিশিয়ে স্বামীকে হত্যার অভিযোগ, তদন্তের অগ্রগতি নিয়ে পরিবারের ক্ষোভ
জাফর আহাম্মদ, শেরপুর জেলা প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ীতে জুসের সঙ্গে বিষ মিশিয়ে রিফাত মিয়া (১৮) নামে এক তরুণকে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রী ছাবিহার বিরুদ্ধে। গত ২৯ আগস্ট সন্ধ্যায় শহরের আড়াইআনী মহল্লায় এ ঘটনা ঘটে। পরে ১ সেপ্টেম্বর সকালে ময়মনসিংহে চিকিৎসাধীন অবস্থায় রিফাতের মৃত্যু হয়।
মৃত্যুর এক মাস পেরিয়ে গেলেও অভিযোগের তদন্তে দৃশ্যমান অগ্রগতি না থাকায় ন্যায়বিচার নিয়ে শঙ্কা প্রকাশ করেছে রিফাতের পরিবার। তবে পুলিশ বলছে, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রিফাত উপজেলার খালভাঙ্গা গ্রামের আব্দুল বারেকের ছেলে। পরিবারের দাবি, প্রেমের সম্পর্কের সূত্র ধরে প্রায় এক বছর আগে শহরের বেপারিপাড়া এলাকার মাছ বিক্রেতা ছমেদ আলীর মেয়ে ছাবিহাকে বিয়ে করেন তিনি। বিয়ের পর থেকেই তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে বিরোধ চলছিল।
পরিবার সূত্রে জানা যায়, ২৯ আগস্ট ছাবিহার বোন আশা বিষপান করে অসুস্থ হলে তাকে দেখতে স্ত্রীকে নিয়ে হাসপাতালে যান রিফাত। সেখানে তিনি আশার জন্য ম্যাঙ্গো জুস, পাউরুটি ও আপেল কেনেন। পরে শ্বশুরবাড়িতে কেউ না থাকায় শাশুড়ি ছাবিহা ও রিফাতকে ওই খাবারসহ বাড়িতে পাঠিয়ে দেন।
পরিবারের অভিযোগ, সন্ধ্যায় বাড়িতে ফিরে ছাবিহা গ্লাসে জুস ঢেলে রিফাতকে দেন। জুস পান করার পরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পথে রিফাত বিষপানের কথা জানান বলে স্বজনরা দাবি করেন।
স্বজনদের দাবি, একপর্যায়ে রিফাত সেখান থেকে দৌড়ে পালিয়ে যান। রাতভর খোঁজাখুঁজির পর ভোরে শহরের একটি বেঞ্চ থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
পরিবারের ভাষ্য অনুযায়ী, উদ্ধারের পর রিফাত জানান, অসুস্থ হয়ে শ্বশুরবাড়িতে ফিরে গেলে তাকে মারধর করে বাইরে ফেলে রাখা হয়। পরে তাকে নালিতাবাড়ী ও ময়মনসিংহের হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১ সেপ্টেম্বর সকালে তার মৃত্যু হয়।
রিফাতের মৃত্যুর আগে স্ত্রী ছাবিহার দেওয়া জুস পান করার পর অসুস্থ হওয়ার কথা জানিয়েছিলেন বলেও দাবি পরিবারের। এ বক্তব্যের একটি ভিডিও রেকর্ড তাদের কাছে রয়েছে বলে জানিয়েছেন স্বজনরা।
রিফাতের মৃত্যুর পর তার বাবা থানায় অভিযোগ করেন। পরিবারের অভিযোগ, পুলিশ এ ঘটনায় অপমৃত্যুর মামলা করেছে।
তবে এ অভিযোগ অস্বীকার করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বলেন, রিফাতের স্বজনরাই প্রথমে বিষপানে আত্মহত্যার কথা জানিয়েছিলেন। ময়মনসিংহের হাসপাতালেও একই তথ্য দেওয়া হয়েছিল। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটির প্রকৃত কারণ, রিফাতের মৃত্যুর সঙ্গে বিষপানের সম্পর্ক এবং হত্যার অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।